২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এল পোর্টেবল ব্যাটারিতে ইউএসবি-সি

দ্রুত রিচার্জ করতে এবং তারের জটলা থেকে ব্যবহারকারীদের মুক্তি দিতে বিভিন্ন ডিভাইসে ক্রমেই ইউএসবি-সি কানেক্টর যুক্ত করা হচ্ছে। তবে, এ ব্যবস্থাটি এখন পর্যন্ত খুব একটা পরিচিত হয়ে না ওঠায় অ্যাপল ম্যাকবুক বা হুয়াওয়ে নেক্সাস ৬পি-এর মতো ইউএসবি-সি ডিভাইসগুলোর ব্যবহারকারীদের এখনও বাড়তি তার নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:03 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

এ সমস্যা দূর করতে এবার বাজারে ইউএসবি-সি কম্প্যাটিবল পোর্টএবল ব্যাটারি  'অ্যানকার পাওয়ারকোর+ ২০১০০' আনল রিচার্জএবল ব্যাটারি ও এ সংক্রান্ত সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যানকার। ২০,১০০ এমএএইচ ধারণক্ষমতার এ ব্যাটারির সাহায্যে চার্জশূন্য একটি ম্যাকবুক পুরোপুরিভাবে রিচার্জ করা যাবে, এবং এরপরও এতে কিছু পরিমাণ চার্জ বাকি থাকবে।

এর সাহায্যে যে শুধু ম্যাকবুক বা অন্যান্য ইউএসবি-সি ডিভাইসই চার্জ দেওয়া যাবে তা নয়। এতে দুটি সাধারণ ইউএসবি পোর্ট রয়েছে, যার সাহায্যে ব্যাটারির ধারণক্ষমতার ওপর ভিত্তি করে চার থেকে সাতবার পর্যন্ত স্মার্টফোন রিচার্জ করা যাবে।

ব্যবসা-বাণিজ্যবিষয়ক খবরের সাইট বিজনেস ইনসাইডার জানায়, অ্যানকারের অন্যান্য পণ্যের মতোই এই অ্যানকার পাওয়ারকোর+ ২০১০০ খুবই মসৃণ, মজবুত এবং নির্ভরযোগ্য। এর পাওয়ার বাটনের চারপাশ ঘিরে একটি ১০-পয়েন্ট এলইডি রিং রয়েছে, যার সাহায্যে ব্যাটারিতে কতটুকু চার্জ অবশিষ্ট রয়েছে তা জানা যাবে।

বিশাল আকার ও অতিরিক্ত ভরের কারণে যেখানে-সেখানে এ ব্যাটারি সঙ্গে নেওয়া সম্ভব না হলেও, প্লেইন ফ্লাইটের মতো লম্বা সময়ের যাত্রার জন্য এটি খুবই উপযোগী। তবে এর আরেকটি বড় সমস্যা হলো, চার্জ হতে এটি অনেক সময় নেয়।

অ্যানকার পাওয়ারকোর+ ২০১০০ ইউএসবি-সি পোর্টএবল ব্যাটারিটি বর্তমানে ৪৯.৯৯ ডলার মূল্যে অ্যামাজনে পাওয়া যাচ্ছে।