৬ষ্ঠ আন্তঃমহানগরী বিজ্ঞান মেলা আয়োজিত
রাজধানীর আফতাবনগরে ঢাকা ইমপিরিয়াল কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ৬ষ্ঠ আন্তঃমহানগরী বিজ্ঞান মেলা- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় ৯৫টি স্কুল ও কলেজ থেকে ১০৫টি প্রকল্প প্রদর্শিত হয় এবং অলিম্পিয়াডে হাজার খানেক শিক্ষার্থী অংশ নেয়।
এবারের এই বিজ্ঞান মেলায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই নয়, ব্যবসায়িক ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। মেলায় শিক্ষার্থীদের জন্যে বিজ্ঞান প্রকল্পের পাশাপাশি সফটওয়্যার ডিসপ্লে, ওয়াল ম্যাগাজিন, বিতর্ক কর্মশালা, উপস্থিত বক্তৃতা, একটুখানি বিজ্ঞান, উন্মুক্ত বিজ্ঞানভিত্তিক কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং ৮টি বিষয়ে অলিম্পিয়াড আয়োজন করা হয়।
মেলার আহ্বায়ক ও ঢাকা ইমপিরিয়াল কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নাদির হোসেন বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের বিশেষ করে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান চর্চা ও বিজ্ঞানের প্রতি আগ্রহ আর প্রতিযোগিতা সৃষ্টি করার জন্যে আমাদের এই আয়োজন।”
ঢাকা ইমপিরিয়াল কলেজের বিজ্ঞান ক্লাবের তানজিম খন্দকার তামিম বলেন, “বিজ্ঞানের এমন সব আয়োজনের ফলে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি একঘেয়েমিতা কমবে, শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি মনোযোগী হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. কায়কোবাদ, আনন্দ কম্পিউটার্স-এর কর্ণধার মোস্তাফা জব্বার, ঢাকা ইমপিরিয়াল কলেজের অধ্যক্ষ মো. ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন।
মেলার সমাপনী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের এমপি একেএম রহমতুল্লাহ। এ সময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান উপস্থিত ছিলেন।
