উবারকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রে দিদি
মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা চালু করতে যাচ্ছে চীনা প্রতিষ্ঠান দিদি ছুসিং। ২০১৮ সালেই দেশটিতে শেয়ার (আইপিও) ছাড়ার পরিকল্পনা করছে উবারের প্রধান প্রতিদ্বন্দ্বী এই প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহেই প্রতিষ্ঠানটিতে একশ' কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে অ্যাপল। এই বিনিয়োগের ফলে দিদির বাজার মূল্য দাঁড়িয়েছে আড়াই হাজার কোটি মার্কিন ডলার। আলিবাবা গ্রুপের পরে এটিই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে সবচেয়ে ‘হাই প্রোফাইল’ চীনা প্রতিষ্ঠান।
২০১৮ সালের কথা বলা হলেও ২০১৭ সালেই নিউ ইয়র্কে আইপিও চালু করার পরিকল্পনা করছে দিদি। তবে, এক্ষেত্রে গোপনীয়তা রাখছে প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক দিদির এক মুখপাত্র অবশ্য বলেন, "আপাতত প্রতিষ্ঠানের কোন আইপিও পরিকল্পনা নেই।"
সম্প্রতি প্রতিষ্ঠানটি তিনশ' কোটি মার্কিন ডলার বিনিয়োগ বাড়িয়েছে দিদি। প্রাথমিক পর্যায়ে দুইশ' কোটি ডলার বাড়ানোর পরিকল্পনা থাকলেও অ্যাপলের বিনিয়োগের পর তার পরিমাণ তিনশ' কোটিতে নিয়ে গেছে এই প্রতিষ্ঠান। আর সংযুক্ত প্রতিষ্ঠান হিসেবে এর মোট বিনিয়োগ বেড়েছে ৬৩০ কোটি মার্কিন ডলার।
দিদির দেওয়া তথ্যমতে, প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে এক কোটিরও বেশি ভ্রমণ সম্পন্ন করে থাকে। তাই, যুক্তরাষ্ট্রে পুরোপুরিভাবে প্রতিষ্ঠানটি সেবা চালু করলে সেটি উবারের ব্যবসায়িক অবস্থানকে কিছুটা পিছু হটাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে প্রতিষ্ঠানটিতে বড় অংকের বিনিয়োগ করে চীনা বাজারকে বোঝার একটি কৌশল হিসেবেই ব্যবহার করছে অ্যাপল। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, "দিদিতে এই বিনিয়োগ চীনের সংকটপূর্ণ বাজারকে বুঝতে সহায়তা করবে।"
