২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডায় দাবানলের ক্ষতি জানাতে অ্যাপ

কানাডাতে দাবানলে ঘরছাড়া বাসিন্দাদেরকে আশ্বস্ত করতে নতুন মোবাইলফোন অ্যাপ উন্মোচন করেছে দেশটির সরকার। চলতি মাসের শুরুর দিকেই ভয়াবহ দাবানলে ঘর ছাড়তে বাধ্য হন কানাডার আলবার্টা প্রদেশের ফোর্ট ম্যাকমারি শহরের হাজারো বাসিন্দা। এসব বাসিন্দাকে তাদের ঘরবাড়ির সর্বশেষ অবস্থা জানাতেই অ্যাপ বানিয়েছে কানাডিয়ান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 05:28 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

বিবিসি জানিয়েছে, নতুন এই মোবাইল অ্যাপটি ঘরছাড়া বাসিন্দাদেরকে স্যাটেলাইট থেকে ধারণকৃত তাদের বাড়ির ছবি দেখাবে। এ থেকে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিরা কিছুটা হলেও আশ্বস্ত হবে বলে ধারণা করছে দেশটির সরকার। তবে, এই ছবিগুলো অনেক ক্ষেত্রেই ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করছেন দেশটির পৌরমন্ত্রী ড্যানিয়েল ল্যারিভ।

ল্যারিভ জানান, তাদের উদ্দেশ্য বাড়ির মালিকদেরকে সঠিক তথ্য দেওয়া। দুই সপ্তাহ আগে ওই ভয়াবহ দাবানলে বাড়ি ছাড়তে বাধ্য হন ফোর্ট ম্যাকমারি শহরের ৮০ হাজার বাসিন্দা। বর্তমানে দাবানল শহর থেকে দূরে সরে গেলেও এটি শহরের প্রায় আড়াই হাজার ঘরবাড়ি ধ্বংস করেছে।

ঘরছাড়া বাসিন্দারা বর্তমানে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তারা ঠিক কবে নাগাদ তাদের বাড়িতে ফিরতে পারবে এ ব্যাপারে দুশ্চিন্তা রয়েছে তাদের মধ্যে। সরকারের পক্ষ থেকে জানানো হয় ২ সপ্তাহের মধ্যেই বাসিন্দারা তাদের বাড়িতে ফিরতে পারবে। সেই পর্যন্ত তাদেরকে নিজের বাড়ির সর্বশেষ অবস্থা জানাতেই অ্যাপটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে, বিবিসি।

ল্যারিভ জানান, তিনি নিজেও একবার ভয়াবহ দাবানলে নিজের বাড়ি ছেড়েছেন, তাই তিনি বাসিন্দাদের অবস্থা বুঝতে পারেন। "এই ছবিগুলো অফিশিয়ালি ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য ব্যবহার করা উচিত নয়। বরং প্রতিটি আলাদা আলাদা স্থাপত্য বিবেচনা করে শহরে পুনরায় ফিরে যাওয়ার অবস্থা দেখানোর জন্য ব্যবহার করা উচিত।", বলেন ল্যারিভ।

তিনি আরও বলেন, "এই ছবিগুলো বাড়ি এবং সম্প্রদায় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদেরকে সহায়তা করবে।"

শহর ছাড়লেও দাবানলটি এখনো পুরোপুরি নিভে যায়নি। বর্তমানে এটি প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটার জায়গা নিয়ে অবস্থান করছে এবং আরো কয়েক সপ্তাহ এটি জ্বলতে থাকবে বলে জানানো হয়েছে।