মুঠোয় থাকা তথ্য শুধুই 'মুঠোভর্তি' নয়!
স্মার্টফোন, মেমরি কার্ড, পেনড্রাইভ বা হার্ডড্রাইভে জায়গার স্বল্পতা নিয়ে প্রায়ই ব্যবহারকারীরা আফসোস করে থাকেন। এমনকি আদ্যিকালের ফ্লপি ডিস্কের অতিক্ষুদ্র স্টোরেজ স্পেইস নিয়ে অনেক সময় ঠাট্টাও করা হয়। কিন্তু কখনও কী কেউ ভেবে দেখেছেন যে আসলে ঠিক কতোটুকু তথ্য এসবে জমা হয়ে আছে? তা যদি বাস্তবে রূপান্তরিত করা সম্ভব হয়, তা কেমন দেখাবে, কতোটুকু জায়গা নেবে?
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর এক প্রতিবেদনে এ বিষয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানকে সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান বেটার বাইজ-এর প্রযুক্তি বিভাগের একটি দলের সাম্প্রতিক এক গবেষণায় প্রাপ্ত তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, একটি ৩.৫ ইঞ্চির ফ্লপি ডিস্কে ১.৪ মেগাবাইট তথ্য জমা রাখা যায়, কাগুজে হিসেবে যার আকার ১০ ফন্টের লেখাভর্তি ২৮০টি এ৪ পৃষ্ঠার সমতুল্য।
অ্যাপলের ১২৮জিবি আইফোন ৬এস সংস্করণে ২০০০টি এ৪ পৃষ্ঠাভর্তি লেখার ১২,৮০০টি স্টোরেজ বাক্সের সমতুল্য তথ্য জমা রাখা যায়। হিসেবে যা মোট দাঁড়ায় ১ কোটি ২৬ লাখ পৃষ্ঠা।
অন্যদিকে, অনলাইন তথ্যভাণ্ডার উইকিপিডিয়ায় ৩৩ টেরাবাইট পরিমাণ তথ্য জমা আছে, এই হিসেবে যা ৩৩ লাখ স্টোরেজ বাক্সভর্তি তথ্যের সমপরিমাণ। এই বাক্সগুলোকে যদি পাশাপাশি রাখা হয়, তবে তা নিউ ইয়র্ক সিটি থেকে শুরু করে শিকাগো পর্যন্ত পৌঁছবে, এবং এর মোট ভর হবে প্রায় আইফেল টাওয়ারের সমান।
এ ছাড়াও ফেইসবুকের সব অনলাইন তথ্যের মোট পরিমাণ হবে তিন হাজার কোটি স্টোরেজ বাক্স, যা পৃথিবী থেকে শুরু করে চাঁদ পর্যন্ত পৌঁছে যাবে।
এ ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে সার্চ জায়ান্ট গুগল। তাদের মোট তথ্যের পরিমাণ ১৫ এক্সাবাইট (ইবি), যা ১৫ হাজার কোটি স্টোরেজ বাক্স ভর্তি তথ্যের সমান। এ সংখ্যক স্টোরেজ বাক্স পাশাপাশি বসাতে থাকলে পৃথিবী থেকে শুরু করে সূর্য পর্যন্ত প্রায় দুইবার যাওয়া আসা করা যাবে।
বেটার বাইজ-এর এ গবেষণায় নিযুক্ত দলটি জানায়, "আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন ডিজিটাল ডেটাবেইসের ধারণক্ষমতা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছি। এরপর প্রতিটি অক্ষর বা চিহ্নের জন্য ১ বাইট হিসেবে এক পৃষ্ঠায় সাইজ ১০ ফন্টের ৫০০০টি ক্যারেক্টার (৫ কেবি) জায়গা দিয়েছি, এবং মার্জিন রেখেছি। এরপর আমরা এই পৃষ্ঠাগুলোকে ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের স্টোরেজ বাক্সে রেখে পাশাপাশি বাক্সগুলোর তথ্যের মোট 'দৈর্ঘ্য' কল্পনা করি। এরপর বাক্সগুলোর মোট দৈর্ঘ্যকে ফুট, মাইল এবং ক্রমান্বয়ে আলোকবর্ষে রূপান্তরিত করা হয়। এরপর আমরা বাক্সগুলো ঠিক কতোটুকু দূরত্ব পাড়ি দেবে তা জানতে জানা বিভিন্ন এককগুলোর মধ্যে তুলনা ব্যবহার করি।"
