নতুন লোগো, প্রতিক্রিয়া আর ইনস্টাগ্রামের ব্যাখ্যা
সম্প্রতি নিজেদের আগের অ্যাপ পরিবর্তন করে রংধনু রঙে নতুন নকশার অ্যাপ উন্মোচন করেছে ফেইসবুক মালিকানাধীন ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। এ নিয়ে ইতিবাচক-নেতিবাচক দু'ধরনের প্রতিক্রিয়ার সঙ্গে রয়েছে প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যাখ্যাও।
কিন্তু কীভাবে নকশা করা হলো নতুন এই আইকন? কেনই বা এটি অনেকে অপছন্দ করতে পারেন? এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন ইনস্টাগ্রামের খোদ হেড অফ ডিজাইন ইয়ান স্প্যাটলার।
এক পোস্টের মাধ্যমে নতুন এই লোগোর ঘোষণা দিয়েছিলেন ইনস্টাগ্রাম প্রধান কেভিন সিস্টেম, সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন তিনি। ওই ভিডিওতে দেখা যায় অ্যাপটির আগের লোগো নতুন লোগোতে রূপান্তরিত হচ্ছে।
এই লোগো দেখার পর অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া দেখান বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। এক ব্যবহারকারী এক পোস্টে বলেন, "নতুন লোগোটি দেখতে আসলেই বাজে, আর আমি অ্যাপটিতে থাকা সাদা অংশটি ঘৃণা করি।" এর সঙ্গে তিনি 'চেইঞ্জইটব্যাক', 'ওল্ড ইনস্টা' লেখা হ্যাশট্যাগও জুড়ে দেন। এই হ্যাশট্যাগগুলো ইতোমধ্যে পুরো সাইটে জনপ্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে দৈনিকটি।
স্প্যালটার জানিয়েছেন, প্রতিষ্ঠানটিকে 'নতুন এই চিহ্নে কীভাবে আরও বেশি বৈশিষ্ট্য দেওয়া যেতে পারে তা বের করতে হয়েছে, সেই সঙ্গে অপ্রয়োজনীয় কিছু সরিয়েও ফেলতে হয়েছে'। তিনি বলেন, "এরপর যে প্রশ্নটি আসে, তা হচ্ছে আমরা কতদূর এসেছি? আপনি যদি অনেক বেশি ভাবেন, চিহ্নটি ইতিহাসের সঙ্গে খুব একটা মেলবন্ধন আর ইনস্টাগ্রামের মৌলিকতা প্রকাশ করে না। আপনি যদি আক্ষরিকভাবে দেখেন, আমাদের এখন যা আছে তা থেকে পরিবর্তনটা যাচাই করা কষ্টকর।"
"অনেকগুলো পরিশোধনের পর, আমরা এমন একটি চিহ্ন এনেছি যা একটি ক্যামেরা প্রকাশের সঙ্গে আমরা যে এতগুলো বছর পাড়ি দিয়েছি, তাও প্রকাশ করে", বলেন তিনি।
'ইতিহাসের সঙ্গে মেলবন্ধন আর ইনস্টাগ্রামের মৌলিকতা'- এই একই ক্ষেত্রে ভিন্নমত রয়েছে অনেক ব্যবহারকারীর, ক্ষিপ্তও হয়েছেন অনেকে। কেউ কেউ তো আগের এই লোগো এতটাই ভালোবাসতেন যে, বিভিন্ন অনুষ্ঠানে ওই নকশায় কেক বানাতেন। কিন্তু নতুন এই লোগো আগের এই লোগোর সঙ্গে থাকা ব্যবহারকারীদের সম্পর্কে চির ধরিয়েছে।
প্রযুক্তি সাংবাদিক জন গ্রাবার বলেন, "সংক্ষেপে বলতে গেলে, এটা দেখে পুরোই ইনস্টাগ্রামের নতুন একটি ব্র্যান্ড মনে হয়েছে, তাদের পুরনো ব্র্যান্ডের কোনো আপডেট বা রিফ্রেশ নয়। আর আমি কোনোভাবেই একে একটি সঠিক পদক্ষেপ হিসেবে মানতে পারছি না।"
নতুন লোগো নিয়ে এমন রাগের জন্য নিজে প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন স্প্যালটার। তিনি বলেন, "হয়তো আমি একটি ছুটি নেব, আর কোনো বাংকারে থাকব।"
