স্মার্টফোনই হতে পারে ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্স
প্লাস্টিক ড্রাইভিং লাইসেন্স-এর ব্যবহার বন্ধ করে দিতে পারে যুক্তরাজ্যের যানবাহন ও চালকদের ডেটাবেইস সংরক্ষণকারী সংস্থা ড্রাইভার অ্যান্ড ভেইকল লাইসেন্সিং এজেন্সি (ডিভিএলএ)।
সংস্থাটির প্রধান অলিভার মর্লি এক টুইটারে মানুষের লাইসেন্সের তথ্যসমূহ তাদের ফোনে সংরক্ষণ করে রাখার একটি ‘প্রোটোটাইপ’ ফিচারের বিষয়টি উল্লেখ করেছেন।
এই ফিচার এখনও চালু করা না হলেও, একে 'কিছু একটা যা নিয়ে আমরা কাজ করছি' হিসেবে টুইটে উল্লেখ করেন তিনি। কিন্তু এই ফিচার চালু হলে চালকদের লাইসেন্স ব্যবহার এবং নিবন্ধনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে বলেই মত ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর।
টুইটের দেওয়া এক ছবিতে অ্যাপল-এর ওয়ালেট অ্যাপে ড্রাইভিং লাইসেন্স দেখানো হয়, যেখানে চালকের নাম, ছবি, জন্ম তারিখ, লাইসেন্স প্রদান এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ রয়েছে।
অ্যাপলের অনলাইন লেনদেন সেবা অ্যাপল পে, বিভিন্ন টিকেট এবং ‘লয়ালটি’ কার্ডের তথ্য সংগ্রহের জন্য ওয়ালেট অ্যাপটি ব্যবহার করা হয়। অ্যাপটির মাধ্যমে আইফোনকে ‘পেমেন্ট’ কার্ডের পরিবর্তে ব্যবহার করা যায়। এই অ্যাপকে মানুষের প্রচলিত ওয়ালেট ব্যবহারের মুক্তির পথ হিসেবে দেখিয়েছে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন-এর অধীনস্থ সংস্থাটি। যদি মর্লির টুইট সত্য হয়, তবে হয়তো মানুষের প্রচলিত ওয়ালেট ব্যবহারের কোনো কারণই অবশিষ্ট থাকবে না।
ডিভিএলএ চালকদের ড্রাইভিং লাইসেন্স-এর কাগজের অংশ সম্পূর্ণভাবে পরিত্যাগ করে শুধু প্লাস্টিকের কার্ড ব্যবস্থা চালু করার এক বছর পর নতুন এই ইঙ্গিত প্রকাশ করল। কিন্তু কীভাবে আসল লাইসেন্স-এর পরিবর্তে ডিজিটাল সংস্করণ করা হবে তা পরিষ্কার করে বলা হয়নি।
ডিজিটাল মাধ্যমে সহজেই ছবি নকল করা, ভুয়া নাম এবং জন্ম তারিখ তৈরি করার সুযোগ থাকায়, এর নকল সংস্করণও বের করার আশংকা থেকেই যায়। কিন্তু বর্তমানে ইতোমধ্যেই কিছু 'পাস' ব্যবহৃত হচ্ছে যা সরাসরি কোনো ডেটাইবেইসে সংযুক্ত করা যায়। অনেক স্থানে এমন ডিজিটাল আইডি ডেটাবেইসের সঙ্গে যাচাই করার ফিচার রয়েছে। একই উপায়ে এই ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করা যেতে পারে- মন্তব্য পত্রিকাটির।
