আউডি'র কর্মকর্তাকে নিল টেসলা
২০১৮ সালের মধ্যে গাড়ি উৎপাদন ১০ গুণ করার লক্ষ্য নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা মোটরস ইনকর্পোরেটেড। সে কারণে উৎপাদন ব্যবস্থা তত্ত্বাবধানের উদ্দেশ্যে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান আউডি এজি-এর বিশেষজ্ঞ পিটার হকহোল্ডিংগা-কে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে ব্লুমবার্গ।
শুক্রবার ই-মেইলের মাধ্যমে এক বিবৃতিতে টেসলা জানায়, হকহোল্ডিংগার প্রতিষ্ঠানটির গাড়ি উৎপাদন বিভাগের ভাইস প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তারা আশা করছে তিনি মডেল এস এবং মডেল এক্স-এর উৎপাদন বাড়াবেন এবং পাশাপাশি নতুন মডেল ৩-এর জন্য একটি উৎপাদন প্রক্রিয়া শুরু করবেন। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলে, "পিটার যোগ দেওয়ায় টেসলা আনন্দিত।"
টেসলা'র প্রধান নির্বাহী ইলন মাস্ক এ খবর প্রকাশের আগের সপ্তাহে ২০১৮ সালের মধ্যে ৫ লাখ গাড়ি উৎপাদন করার ঘোষণা দিয়ে বিনিয়োগকারীদের চমকে দেন, যা মূল পরিকল্পনার দুই বছর আগেই হতে যাচ্ছে। টেসলা ২০১৫ সালে মাত্র ৫০,৬৫৮টি গাড়ি বিক্রি করেছে। এই দশকের শেষে গাড়ি উৎপাদনের সংখ্যাটি ১০ লাখে গিয়ে পৌঁছাতে পারে, বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের অনুষ্ঠানে এমনটা জানান মাস্ক।
যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে টেসলা ভালো অবস্থায় নেই। বার্কলেইস পিএলসি-এর গবেষক ব্রায়ান জনসন দ্বিতীয় প্রান্তিকে ৩০০ কোটি মার্কিন ডলারের একটি ইকুইটি অফারিংয়ের সম্ভাবনা দেখিয়ে বলেন, টেসলা 'প্রথাগত পাবলিক প্রতিষ্ঠান থেকে অর্থ-ক্ষুধার্ত বেশি।' শুক্রবার পর্যন্ত এ বছর তাদের শেয়ারমূল্যের পতন ঘটেছে ১৩ শতাংশ, যা ২০১০ সালে টেসলার শেয়ারবাজারে যাত্রা শুরুর পর প্রথম পূর্ণ বছর পতন হতে পারে।
টেসলার বৈশ্বিক উৎপাদন প্রধানসহ দুইজন শীর্ষ নির্বাহী ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি ছাড়তে যাচ্ছেন।
টেসলার বিবৃতি অনুযায়ী, হকহোল্ডিংগার ২২ বছর ধরে আউডি-এর উৎপাদন চেইনে কাজ করছেন এবং তাদের এ৪, এ৫ এবং কিউ৫ মডেলের উৎপাদন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছেন।
মার্চের শেষ দিনে টেসলা তাদের আসন্ন মডেল ৩-এর একটি প্রোটোটাইপ উন্মোচন করে, যা আরও উন্নত এবং সাশ্রয়ী। গাড়িটি প্রতিবার চার্জে চলতে পারবে ২১৫ মাইল এবং এর মূল্য শুরু হবে ৩৫ হাজার মার্কিন ডলার থেকে। মডেল ৩-এর ওপর ভোক্তাদের আগ্রহ চোখে পড়ার মতো, ইতোমধ্যেই জমা হয়েছে ৪ লাখ প্রি-অর্ডার।
