কোটি ডলার ফিরিয়ে দিল ১৪ বছরের কিশোর
মাত্র ১৪ বছর বয়সেই তার উদ্ভাবনী ক্ষমতা দিয়ে সারাবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর রোজেনথাল নামের এক ক্ষুদে উদ্যোক্তা। তার তৈরি করা ‘রেকমেড’ নামের প্রাথমিক চিকিৎসার পণ্য বিক্রি করতে সক্ষম ভেন্ডিং মেশিন, এরই মধ্যে উদ্যোক্তাদের জন্য আয়োজিত প্রতিযোগিতা ‘রাউন্ড হাউজ’-এ অংশ নেওয়ার অনুমতি পেয়েছে। রোজেনথাল-ই এই প্রতিযোগিতার সবচেয়ে ক্ষুদে উদ্যোক্তা।
বয়সে ছোট হলেও প্রতিযোগিতা নিয়ে মোটেও চিন্তিত নন রোজেনথাল। ইতোমধ্যেই অ্যালাবামা রাজ্যের অপেলিকায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনি। “এটা দারুন অভিজ্ঞতা। তারা আমাকে বলেছে যে অনুষ্ঠানে অংশগ্রহনের অনুমতি পাওয়া উদ্যোক্তার মধ্যে আমিই সর্বকনিষ্ঠ”, মন্তব্য তার।
সিএনএন জানিয়েছে, ২০১৫ সালে রোজেনথাল প্রথমবারের মতো প্রকল্পটি উন্মোচন করেন। ইতোমধ্যেই তার প্রকল্পে এক লাখ মার্কিন ডলার বিনিয়োগ বেড়েছে। আর তার প্রকল্পটি কিনতে তিন কোটি মার্কিন ডলারের প্রস্তাব ফিরিয়েও দিয়েছেন তিনি।
যুব উদ্যোক্তা অ্যাকাডেমির অষ্টম গ্রেড প্রকল্প হিসেবে রেকমেড তৈরি করেন রোজেনথাল। এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে ব্যান্ড-এইড, ব্যান্ডেজ, রাবার গ্লাভসের মত প্রাথমিক চিকিৎসার পণ্যগুলো বিক্রি করতে পারে। আর এই পণ্যগুলোর দাম ৬ থেকে ২০ ডলারের মধ্যে।
বেইসবল গেইম খেলা দেখতে গিয়ে খেলোয়াড়দের আহত হওয়া দেখে প্রথমবারের মত এটি তৈরির বুদ্ধি মাথায় আসে তার। ২০১৫ সালের ডিসেম্বরেই যন্ত্রটির কার্যকরী প্রটোটাইপ তৈরি করে তার পেটেন্ট নিবন্ধন করেন তিনি।
চলতি বছর বসন্তেই এই যন্ত্র বাজারে ছাড়ার ইচ্ছা রয়েছে রোজেনথালের। এরই মধ্যে ছয়টি দেশে একশ’টি যন্ত্রের অর্ডারও পেয়েছেন তিনি। এই যন্ত্রগুলোর মূল্য ধরা হয়েছে ৫৫০০ ডলার। ভবিষ্যতে যন্ত্রে বিজ্ঞাপন সংযুক্ত করার ইচ্ছাও রয়েছে এই ক্ষুদে উদ্যোক্তার।
তার এই সফলতা নিয়ে ইয়ং অনট্রাপ্রনার্স অ্যাকাডেমি-এর শিক্ষক ক্ল্যারিন্ডা জোনস বলেন, “গত বছরে (২০১৫ সাল) টেলরকে আত্মবিশ্বাসী এবং ব্যবসায়ী হয়ে ওঠা দেখার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তার সব সফলতা সত্ত্বেও সে বিনয়ী এবং অন্যদের সাহায্য করতে প্রস্তুত। তার বয়স মাত্র ১৪ বছর। বিল গেটসের ভয় পাওয়া উচিত।”
রাউন্ড হাউজ প্রতিযোগিতায় রোজেনথালই সর্বকনিষ্ঠ প্রধান নির্বাহী। রাউন্ড হাউজের প্রতিষ্ঠাতা কাইল স্যান্ডলার বলেন, “স্কুলের বাইরে প্রতিটা মিনিট সে রেকমেড নিয়ে কাজ করে। গত বড়দিনের ছুটিতে আমাদের বাধ্য হয়ে তাকে বের করে দিতে হয়েছে। এ থেকে বোঝা যায় সে তার কাজের প্রতি কতটা একনিষ্ঠ।”
ব্যবসায়ে ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা তার। আর সেজন্যই তার এমন কলেজ প্রয়োজন যা তাকে সাহায্য করবে।
“আমি নটর ডেম-এ যেতে চাই কারণ তাদের অনেক ভালো ব্যবসায়িক স্কুল রয়েছে এবং আমি তাদের ফুটবলেরও একজন ভক্ত”, বলেন রোজেনথাল।
