ইয়াহুতে আগ্রহী বাফেট
এক সময়কার মার্কিন অনলাইন জায়ান্ট ইয়াহু’র মূল ইন্টারনেট ব্যবসা বিক্রির প্রক্রিয়ায় ক্রেতাদের একটি দলকে সমর্থন দিচ্ছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট। কোকা-কোলা কোম্পানির আংশিক বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে-এর প্রধান এই ব্যক্তির সংশ্লিষ্টতার খবর জানিয়েছে সিএনএন।
মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, এ দলের নেতৃত্বে আছেন বন্ধকী ঋণ সেবাদাতা প্রতিষ্ঠান কুইকেন লোনস-এর প্রতিষ্ঠাতা এবং ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্স-এর মালিক ড্যান গিলবার্ট।
এপ্রিল মাসে এ প্রক্রিয়া শুরুর পর থেকেই বড় প্রযুক্তি ও মিডিয়া প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তিগত ইকুইটি প্রতিষ্ঠানগুলোও এতে আগ্রহ দেখিয়েছে। তবে ইয়াহু কেনার দৌড়ে ভেরাইজন সবচেয়ে এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
সিএনএন জানায়, মূল ইন্টারনেট ব্যবসার মূল্য নির্ধারণ করা হচ্ছে প্রায় পাঁচশ' কোটি ডলার।
সার্চ ইঞ্জিন, মেইল ও নিউজের সমন্বয়ে গঠিত ইয়াহু-এর ইন্টারনেট ব্যবসার এখনও পর্যন্ত ভালো জনপ্রিয়তা থাকলেও আর্থিকভাবে পড়তির মুখে আছে প্রতিষ্ঠানটি। এপ্রিলে প্রকাশিত প্রথম প্রান্তিক প্রতিবেদনে প্রতিষ্ঠানটির আয়ে ব্যাপক হ্রাস ও ক্ষতির সম্মুখীন হওয়ার চিহ্ন দেখা গেছে।
২০০০ সালের প্রথমদিকে ইয়াহু-এর মূল্য ছিল সাড়ে ২৫ হাজার কোটি ডলার, সেখানে শেষ নয় বছরে একের পর এক ভুল পদক্ষেপের পর প্রতিষ্ঠানটির বর্তমান মূল্য এসে দাঁড়িয়েছে ৩৫০০ কোটিতে। এর মধ্যে আলিবাবা ও ইয়াহু জাপান-এ প্রতিষ্ঠানটির বিনিয়োগ অন্তর্ভুক্ত, তবে তা এই বিক্রির অংশ হচ্ছে না।
ইয়াহু-এর বর্তমান প্রধান মারিসা মায়ার এ ব্যবসায় বিক্রির প্রক্রিয়াকে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' হিসেবে অভিহিত করেছেন।
তবে, বার্কশায়ার হ্যাথঅ্যাওয়ে, ইয়াহু এবং ড্যান গিলবার্টের প্রতিনিধিরা এখনও পর্যন্ত কোনো মন্তব্যের আবেদনে সাড়া দেননি।
