লাখেরও বেশি অ্যাকাউন্ট হ্যাকড!
একটি ওয়েব ফোরাম হ্যাক হয়ে ১ লাখের বেশি অ্যাকাউন্ট-এর তথ্য প্রকাশিত হয়ে গিয়েছে, অভিজ্ঞ একজন সাইবার নিরাপত্তা গবেষকের বরাতে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
ট্রয় হান্ট নামের এই গবেষক ‘হ্যাভ আই বিন পনড’ নামের একটি ওয়েবসাইট চালান, যেখানে ক্ষতিগ্রস্থদের জানানোর জন্য চুরি হওয়া অ্যাকাউন্টের ডেটাবেইস প্রকাশ করা হয়।
নতুন এমন একটি দূর্ঘটনার মধ্যে কিছু ডেটা পাওয়া গেছে যেখানে ইমেইল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, পাসওয়ার্ড আর যৌনতা সম্পর্কিত কনটেন্ট রয়েছে।
হান্ট জানান, এখানে সরকারি এবং সেনাসদস্যদের ইমেইল ঠিকানাও রয়েছে।
তিনি বলেন, হ্যাক হওয়া সাইটটি পুরনো সফটওয়্যার ব্যবহার করার কারণে হ্যাকিংয়ের আক্রমণটি অনেক সহজ করে দিয়েছে।
“‘এসকিউএল ইঞ্জেকশন’ ব্যবহার করে দুর্বলতার সুযোগ নেওয়া হয়েছে" বলেন তিনি।
এসকিউএল ইঞ্জেকশন হল এক ধরনের নিরাপত্তা লঙ্ঘনের ব্যবস্থা, যেখানে আক্রমণকারীরা ওয়েব ফর্ম-এ এসকিউএল ব্যবহার করেন এবং ডেটাবেইসে আবেদন পাঠানোর মাধ্যমে পুরো ডেটাবেইস ডাউনলোডের অনুমতি নিয়ে থাকে।
‘হ্যাভ আই বিন পনড’-এ আগে থেকেই ৩৭ শতাংশ অ্যাকাউন্ট তালিকাভূক্ত ছিল বলে মনে করেন হান্ট।
এই ডেটাবেইসে বর্তমানে প্রায় একশ’টি ওয়েবসাইটের প্রায় ৩৪ কোটি ৫০ লাখ হ্যাক হওয়া অ্যাকাউন্ট বিদ্যমান। যার সবগুলোই সর্বসাধারণের জন্য পর্যবেক্ষণের আওতার বাইরে।
