চীনে অ্যাপলের শতকোটি ডলার: মানে কী?
বৃহস্পতিবার চীনের শীর্ষস্থানীয় যাত্রীসেবাদাতা প্রতিষ্ঠান দিদি ছুসিংয়ে শতকোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।
বিনিয়োগে অর্থের পরিমাণটা অনেক বেশি হওয়ায়, এই ঘোষণাকে 'অপ্রত্যাশিত' হিসেবে দেখছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার। এর আগে এ ধরনের বড় বিনিয়োগে অ্যাপল অনীহা প্রকাশ করে এসেছে। এ ছাড়াও বিনিয়োগটি করা হচ্ছে একটি চীনা ভোক্তামুখি প্রতিষ্ঠানে। অ্যাপল এর আগেও চীনা সরবরাহকারীদের সঙ্গে বিনিয়োগ করেছে, তবে শুধুই চীনা জনগণকে সেবা দেবে এমন প্রতিষ্ঠানে অ্যাপলের এত বড় বিনিয়োগ এটাই প্রথম বলেও জানিয়েছে সাইটটি।
বিনিয়োগের এই ঘটনার মাধ্যমে বোঝা যায় প্রযুক্তিপণ্য তৈরি করা ছাড়াও অন্য পথে হাটতে আগ্রহী আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। চীনে বর্তমান সময়ে মন্দা অবস্থা মোকাবেলা করতে থাকা মার্কিন এই প্রতিষ্ঠানের এমন পদক্ষেপ থেকে কী ইঙ্গিত পাওয়া যায়? দেখে নেওয়া যাক সে বিষয়গুলো-
পরিবহন ব্যবসায়কে গুরুত্ব দিচ্ছে অ্যাপল
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলার প্রধান ইলন মাস্ক-এর মতে, অ্যাপল যে নিজেদের গাড়ি নিয়ে গবেষণা চালাচ্ছে তা একটি 'ওপেন সিক্রেট' বিষয়। এ ছাড়া অ্যাপল প্রধান টিম কুকের কথাবার্তাতেও এমন আভাস মেলে।
ইতোমধ্যে অ্যাপল পরিহন খাতে শতকোটি ডলার বিনিয়োগ করে ফেলেছে। মানে কী দাঁড়ায়? অনেকটা ধরেই নেওয়া যায়, অ্যাপল আর বেশি দিন তাদের গাড়ি প্রকল্প নিয়ে চুপ থাকছে না।
অন্যদিক থেকে দেখলে, উবারের মতো যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে স্ব-চালিত গাড়ি প্রযুক্তি একীভূত হলে, পরিবহন খাতে নতুন দুয়ার উন্মোচিত হবে। আর অ্যাপলের গাড়িও সম্ভবত বৈদ্যুতিক ও স্ব-চালিত হবে। নাম 'অ্যাপল কার' বা 'আইকার' যাইহোক না কেন, কয়েক বছরের মধ্যেই অ্যাপল যদি তাদের গাড়ি বের করে, দিদি ছুসিং-ই কি এর প্রথম বড় গ্রাহক হতে যাচ্ছে? এমন প্রশ্ন তোলাই যায়।
সেবা মানে শুধুই আইক্লাউড নয়
চলতি বছর আইফোন ব্যবসায় কমে যাওয়ায় অ্যাপল তাদের সেবা ব্যবসায়ের দিকে জোর দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা প্রাথমিকভাবে আইক্লাউড, অ্যাপ স্টোর আর অ্যাপল মিউজিক-এর মতো অ্যাপলের 'সেবা ব্যবসায়গুলো'তে নজর দিচ্ছে।
কিন্তু অ্যাপলের এই সেবামূলক ব্যবসায়ের খাত কেবলই ইন্টারনেট অ্যাপভিত্তিক না হয়ে আরও দূর পর্যন্ত গড়াতে পারে। আর দিদি ছুসিং একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের চেয়ে একটি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবেই বেশি গ্রহণযোগ্য।
অ্যাপল ইতোমধ্যে গ্রাহকদের মাসিক ফি-তে আইফোন ভাড়া দেওয়ার প্রকল্পের মাধ্যমে হার্ডওয়্যার ব্যবসায়কে সেবাখাতেও নিয়ে যাচ্ছে। গাড়ির ক্ষেত্রেও কি প্রতিষ্ঠানটি একই উপায় অবলম্বন করবে? হতেও পারে, অ্যাপল হয়ত সরাসরি তাদের গাড়ি বিক্রি না করে, তা দিয়ে পরিবহন সেবা দেওয়ার ব্যবসায় চালু করবে।
বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগে উদার অ্যাপল
শুরু থেকে শেষ পর্যন্ত চীনা প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসায় চুক্তি সম্পন্ন করতে অ্যাপল সময় নিয়েছে মাত্র ২২ দিন।
নগদ ২৫ হাজার কোটি ডলার আর বিক্রিযোগ্য শেয়ারের প্রতিষ্ঠান অ্যাপলের প্রচুর অর্থ নিজেদের প্রয়োজনেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে রেখে দিয়েছে। বিদেশ থেকে অর্থ ঘরে এনে অবশ্যই নিজেদের কাঁধে ৩৫ শতাংশ করের বোঝা নিতে চাইবে না অ্যাপল।
এ কারণে অ্যাপল বিদেশি প্রতিষ্ঠানে বিনিয়োগ বা তা কিনে নেওয়ার পদক্ষেপগুলো অ্যাপলের জন্য লাভজনকই বলতে হবে।
উবার হতে পারে অ্যাপলের 'বন্ধুত্বপূর্ণ' প্রতিদ্বন্দ্বী
অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে 'বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী' হওয়ার পুরনো ইতিহাস রয়েছে অ্যাপলের। ওয়েব জায়ান্ট গুগলের সাবেক প্রধান এরিক স্মিড ছিলেন অ্যাপল বোর্ডের সদস্য। কিন্তু অ্যাপল আইওএস-এর প্রতিপক্ষ গুগল অ্যান্ড্রয়েড নিয়ে কাজ শুরু করায় স্মিডের বিদায়ঘণ্টা বেজে যায়।
না, অ্যাপভিত্তিক যাত্রী সেবাদাতা প্রতিষ্ঠান উবার আর অ্যাপলের মধ্যে এমন কেউ নেই। কিন্তু শেষ কয়েক বছর ধরে দুই প্রতিষ্ঠান বেশ ঘনিষ্ঠ হয়ে উঠেছে।
বিজনেস ইনসাইডারের দেওয়া তথ্য অনুযায়ী, এ সপ্তাহের শেষে অ্যাপল সদর দপ্তরে এক বৈঠকে অংশগ্রহণের কথা রয়েছে উবারের সহ-প্রতিষ্ঠাতা ট্র্যাভিস কালানিক-এর। কী বিষয়ে আলোচনা করতে পারে প্রতিষ্ঠান দুটি তা এখনও পরিষ্কার নয়।
চীন এখনও অ্যাপলের জন্য সবচেয়ে 'সংকটপূর্ণ' বাজার
চলতি মাসের শুরুতে, রয়টার্সের দেওয়া এক প্রতিবেদনে জানানো হয়, টিম কুক সরকারি উচ্চপদস্থদের সঙ্গে সাক্ষাৎ করতে চীন যাচ্ছেন। সম্প্রতি চিন অ্যাপলের দুটি ডিজিটাল মিডিয়া স্টোর বন্ধ করে দিয়েছে।
মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনে সবচেয়ে বেশি সফল হয়েছে অ্যাপল। আর অ্যাপলের জন্যেও দেশটি হয়েছে উন্নতির একটি প্রধান ভিত্তি। ২০১৫ সালে শুধু চীন থেকেই অ্যাপলের উপার্জন ছিল পাঁচ হাজার নয়শ' কোটি ডলার।
পরিষ্কারভাবেই চীনে নিজেদের কলাকৌশল নিয়ে উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করছে অ্যাপল। দেশটির প্রযুক্তি স্টার্টআপগুলোর মধ্যে সবচেয়ে দামি প্রতিষ্ঠানে শতকোটি ডলার বিনিয়োগ ধাঁধার একটি অংশ মাত্র।
