সনিতে ফের ‘ওয়াফার’ তৈরি চালু
ক্যামেরার সেন্সর তৈরির কারখানার কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। এ খবর প্রকাশের পরের সপ্তাহেই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
চলতি বছর এপ্রিলে দক্ষিণ জাপানে ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয় কারখানাটি।
শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ২১ মে জাপানের কুমামোতো-তে ‘ওয়েফার’ সেন্সর প্রক্রিয়াকরণের কাজ পুনরায় শুরু হবে এবং চলতি অর্থ বছরে প্রতিষ্ঠানের আয়ের পূর্বাভাস তিন দিন পরে প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানটি তাদের ১২ মাসের হিসাবের বিবরণ মার্চ পর্যন্ত বিলম্বিত করেছে। ভূমিকম্পের প্রভাব পরিমাপ করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেয় তারা।
‘পাওয়ার সাপ্লাই’ বন্ধ থাকার কারণে তাদের বিভিন্ন উপাদানের সরবরাহে বিলম্ব হয়। যদিও ফোন, গেইম এবং ‘হোম এন্টারটেইনমেন্ট ইউনিট’-এ এর কোনো প্রভাব পড়েনি। প্রতিষ্ঠানটি নিজেই এখনও ‘ইমেজিং’ এবং ‘ডিভাইস’ ব্যবসায় ভূমিকম্পের প্রভাব মূল্যায়ন করছে।
কুমামোতো-তে কার্যক্রম বন্ধ ছিল মূলত দালান, ‘ক্লিন রুম’, এবং যন্ত্রাংশে ক্ষতি হওয়ার কারণে। কারখানাটিতে প্রধানত ডিজিটাল ক্যামেরা, সিকিউরিটি ক্যামেরা এবং ‘মাইক্রো ডিসপ্লে’ ডিভাইসে ব্যবহৃত ‘ইমেজ সেন্সর’ উৎপাদন করা হত।
এপ্রিলের এই শক্তিশালী ভূমিকম্পে নড়ে উঠে জাপানের প্রযুক্তি খাত। সবচেয়ে বেশি ক্ষতি হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা অন্যতম ছিল। ক্ষতিগ্রস্থ হয় আরও দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসান ও হোন্ডও।
