২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগের প্রমাণ মেলেনি: জাকারবার্গ

সম্প্রতি ফেইসবুক ওয়েবসাইটে থাকা 'ট্রেন্ডিং টপিকস’ বিভাগে নিজেদের ইচ্ছামত পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কিন্তু তদন্তে এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেছেন বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রধান মার্ক জাকারবার্গ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 05:47 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

‘ট্রেন্ডিং টপিকস’ নামের কলামটি ফেইসবুক সাইটের হোম পেইজের ডানে উপরের অংশে দেখা যায়। বিভাগটির উদ্দেশ্য হল সমগ্র পৃথিবী জুড়ে যেসব জনপ্রিয় বিষয়গুলো নিয়ে ফেইসবুক ব্যবহারকারীরা খুব বেশি আলোচনা করছে, সেগুলোর উপরে আলোকপাত করা। ফেইসবুকের দেওয়া বিবৃতি অনুযায়ী এই বিভাগটি অ্যালগরিদমের পরিবর্তে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো প্রোগ্রামের পরিবর্তে মানুষ থাকার যুক্তি হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, মানুষ থাকার কারণ হল খুব বেশি আলোচিত হলেও সাধারণ বিষয়গুলি যেমন-দুপুরে কি খাওয়া হল? এ ধরনের পোস্ট যেন বিভাগটিতে না জমে।

প্রযুক্তিবিষয়ক সাইট গিজমডো বেনামি এক উৎসের বরাত দিয়ে জানায়, ফেইসবুক থেকে প্রতিষ্ঠানটির কর্মীদের উপরে নির্দেশ রয়েছে বিবিসি, সিএনএনের মতো মূলধারার সংবাদপত্রের রাজনৈতিক বিষয়যুক্ত পোস্টগুলো 'ট্রেন্ডিং টপিকস'-এ যাওয়ার আগেই যেন খুঁজে বের করা হয়। উৎসের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, ট্রেন্ডিং টপিকস বিভাগে ব্যবহারকারীরা খুব বেশি আলোচনা করেনি এমন পোস্টও প্রদর্শন করা হয়।

ফেইসবুক এ অভিযোগের কোনো প্রমান পায়নি বলে জানিয়ে জাকারবার্গ তার এক পোস্টে লিখেছেন, “ফেইসবুক প্রত্যেককে একটি স্বর দেওয়ার জন্য কাজ করে। এ সপ্তাহে একটি প্রতিবেদনে বলা হয়েছে ফেইসবুকের ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করা ঠিকাদাররা রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জন্য এর বিষয়গুলো গোপন রাখেন। আমরা এই প্রতিবেদন যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং আমাদের দল এই পণ্যের বিশুদ্ধতা ধরে রেখেছে এটা নিশ্চিত করতে একটি পুরো তদন্ত চালাচ্ছি।”

তিনি আরও বলেন, যদি 'তাদের নীতি বিরুদ্ধ' কোনো কিছুর প্রমাণ পাওয়া যায়, তবে 'আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি আমরা এটি মোকাবেলা করতে অতিরিক্ত পদক্ষেপ নেব'। এ বিষয়ে শীর্ষস্থানীয় রক্ষণশীলদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য একটি আলোচনাসভার ব্যবস্থা করার কথাও জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, 'ট্রেন্ডিং টপিকস' এর বিষয়গুলো ১০টি সংবাদ সাইটের মধ্যে অন্তত ৫টির ‘জাতীয়’ জনপ্রিয় বিষয়গুলো থেকে গ্রহণ করা হয়। এই ওয়েবসাইটগুলো হল- বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, গার্ডিয়ান, এনবিসি, নিউ ইয়র্ক টাইমস, ইউএসএ টুডে, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, ইয়াহু নিউজ বা ইয়াহু।