কিকস্টার্টারের অর্থে নিজের বাড়ি!
প্রযুক্তি প্রকল্পের জন্য সংগৃহীত অনুদানের অর্থ খরচ করা হয়েছে বাড়ি নির্মাণের কাজে, এমন অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট কিকস্টার্টার।
পিচি পিন্টার নামের একটি প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, প্রকল্পের অন্য সহ-প্রতিষ্ঠাতা ৩ লাখ ২৪ হাজার কানাডিয়ান ডলারের বেশি অর্থ চুরি করে তা খরচ করছেন।
প্রমাণ হিসেবে প্রতিষ্ঠানটির সাইটে একটি স্বীকারোক্তিমূলক একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বিবিসি-কে জানিয়েছেন এই ভিডিও 'চাপের মাধ্যমে' দৃশ্যায়ন করা হয়েছে।
রিইনোভেটেড ডিজাইন নামের প্রতিষ্ঠানটি এই প্রকল্পের মাধ্যমে একশ' ডলার দামের প্রথম ৩ডি প্রিন্টার আর স্ক্যানার বানানোর অঙ্গীকার করেছিল। কিকস্টার্টারের মাধ্যমে তারা সাড়ে ছয় লাখের বেশি কানাডিয়ান ডলার এবং ইন্ডিগোগো নামের আরেকটি ক্রাউডফান্ডিং সাইট থেকে প্রায় সাড়ে সাত লাখ কানাডিয়ান ডলার সংগ্রহ করে।
রিইনোভেটেড ডিজাইন-এর সহ-প্রতিষ্ঠাতা রায়ান গ্রেস্টোন কারিগরী উন্নয়নের দায়িত্বে এবং ডেভিড বো আর্থিক বিষয়গুলো দেখাশোনা করেন।
ব্যবসায়ের ওয়েবসাইটে একটি দীর্ঘ বিবৃতিতে গ্রেস্টোন বলেন, প্রচারণার মাধ্যমে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, তা প্রাথমিকভাবে বো-এর ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখা হয়। তার পরিমাণ ছিল প্রায় সোয়া তিন লাখ কানাডিয়ান ডলার।
"এই অর্থ পরিশোধের শেষ সময় ছিল ২০১৫ সালের ২ মার্চ পর্যন্ত, এরপর আমি কয়েক মাসের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। যখন আমি তার সঙ্গে যোগাযোগে সমর্থ হলাম, আমি দেখলাম তিনি একজন আইনজীবী পেয়েছেন এবং তার স্বর পুরোপুরি বদলে ফেলেছেন", বলেন তিনি। এই বিবাদে কোনো মীমাংসা করতে না পেরে শেষ পর্যন্ত ২০১৫ সালের অক্টোবরে পুলিশে খবর দেওয়ার কথাও জানান গ্রেস্টন।
২০১৪ সালের দৃশ্যায়ন করা একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয় ২০১৬ এর ১০ মে-তে, যেখানে দেখা যায় ডেভিড বো তার দোষ স্বীকার করে নিচ্ছেন। তিনি ওই ভিডিওতে বলেন, "আমি ভুল করেছি, আমি ক্ষমা চাইছি, আমি সব কিছু ঠিক করার চেষ্টা করছি। সবাই জানে এটি ভুল এবং আমি এই ভুল অস্বীকারের চেষ্টা করছি না।"
যখন বিবিসি কর্তৃপক্ষ ডেভিড বো-এর সঙ্গে কথা বলেন, তিনি 'জানতেন না' যে এই ভিডিও টি গ্রেস্টোন প্রকাশ করে দিয়েছেন, বিবিসির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
ডেভিড বো স্বীকার করেছেন যে, ঐ ভিডিওতে তাকে দেখা গেছে। কিন্তু তিনি সত্যি কি অর্থ চুরি করেছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
