ম্যাপ নিয়ে ভারতে নতুন আইন
অনলাইন ম্যাপ এবং স্যাটেলাইট ছবি ব্যবহারের ক্ষেত্রে নতুন আইন পাস করতে যাচ্ছে ভারত সরকার। নতুন এই আইন প্রণয়ন করা হলে দেশটিতে অননুমোদিত ম্যাপ এবং স্যাটেলাইট ছবি বন্ধ করে দেওয়া হতে পারে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।
বিবিসি জানিয়েছে, সরকারের অনুমোদন ছাড়া অনলাইন ম্যাপ বা স্যাটেলাইট ছবি ব্যবহার করা যাবে না, এমন আইনই পাস করতে যাচ্ছে ভারত। এ ছাড়াও নতুন এই আইনের আওতায় আন্তর্জাতিক সীমানা নিয়ে 'ভুল' তথ্য প্রদান বন্ধ করা হবে। আর কেউ এই আইন ভঙ্গ করলে তাকে ১শ' কোটি রুপি জরিমানা গুণতে হবে বলেও জানান হয়।
আইনটি পাস করা হলে দেশটিতে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসার ক্ষেত্রে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। এক্ষেত্রে গুগল, অ্যাপল এবং উবার-এর মতো প্রতিষ্ঠানগুলো এই আইনে ক্ষতির মুখে পড়তে পারে। তবে, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই আইন ব্যবসার ক্ষেত্রে কোন বাঁধা সৃষ্টি করবে না।
নতুন এই আইন আনুসারে সরকারের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান ভূস্থানিক তথ্য, ম্যাপ, কাঁচা তথ্য বা স্যাটেলাইট ছবির তথ্য সংগ্রহ করতে পারবে না। তবে, কোনো প্রতিষ্ঠান যদি সেগুলো ইতোমধ্যেই সংগ্রহ করে থাকে তবে তথ্যগুলো নিজের কাছে রাখতে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
আইনটি নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এটি ভারত জুড়ে ভূস্থানিক তথ্য সৃষ্টি এবং বন্টণ নিয়ন্ত্রিত করার জন্য করা হয়েছে, "যা দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।"
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কিরেন রিজিজু এক টুইট বার্তায় বলেন, "আপাতত এটি একটি খসড়া প্রস্তাব। আমি তাড়াহুড়ো করে কোন রায় পাস করব না বরং আপনাদের পররামর্শের জন্য অপেক্ষা করব।"
ইকোনমিক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটি একটি সাধারণ উদ্বেগ। একটি দায়িত্বশীল দেশ হিসেবে ভারতে তার সীমানা ও অঞ্চল সুরক্ষার জন্য বিধান থাকতে হবে। তাই এই আইনটি জরুরী। এটি কোনো প্রতিষ্ঠান বা খামারকে বার্তা প্রদানের ব্যাপার নয়, এটি আমাদের নিজস্ব নিরাপত্তার প্রশ্ন।"
অনেক বিশেষজ্ঞের মতে ভূস্থানিক তথ্যের সংজ্ঞা অনুসারে ছাপানো মানচিত্রও এই আইনের আওতায় পড়ে। এই আইনটি অ্যাপল, গুগল এবং উবারের মত 'গুরুত্বপূর্ণ' প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে বলেও মনে করছেন তারা।
এই আইন নিয়ে সমালোচনাও করেছেন বিশেষজ্ঞগণ। আইন আনুসারে কোনো প্রতিষ্ঠান তথ্য সংগ্রহ করতে চাইলে তাকে আবেদন করতে হবে। আর আবেদনটি বিবেচনা করে তার অনুমোদন পেতে অনেক ক্ষেত্রেই তিন মাসের মতো সময় লেগে যাবে, যেটি কোনো স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য মোটেও ভালো হবে না।
"তথ্য ব্যবহারের অনুমোদন পেতেই একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের যদি তিন মাস সময়ই লাগে, তবে তা মৃত্যুর মতোই উত্তম", বলেন সুমান্দ্র চট্টোপাধ্যায়।
সবদিক বিবেচনা করলে এই আইনটি বাতিল করা উচিত বলেই মনে করছেন অনেকে। ব্যবস্থাপনা সম্পাদক অরুপ দাসগুপ্ত বলেন, "এই আইনটি ফেলে দেওয়া উচিত। ভারতে ভূস্থানিক আইনের দরকার নেই। এর থেকে, কোনো প্রকল্প ভালোভাবে বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করার আইন করা উচিত।"
ইতোমধ্যেই দেশটিতে কিছুটা ভিন্ন ধরনের ম্যাপের ব্যবহার শুরু করেছে গুগল। তবে, বিষয়টি নিয়ে গুগল এবং উবারের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা এটি নিয়ে কোন মন্তব্য করতে রাজী হয়নি।
