নারীর জন্য আসছে ১৩ ইমোজি
কর্মক্ষেত্রে নারীদের অবদান তুলে ধরতে ১৩টি ইমোজির এক সেট নকশা করেছে ওয়েব জায়ান্ট গুগল।
ইমোজিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবাবিষয়ক নারীকর্মী, মহিলা বিজ্ঞানী, ব্যবসাক্ষেত্রের নারীরা এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত নারীরা।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ইমোজির নকশাগুলোকে অনুমোদনের জন্য 'ইউনিকোড কনসোর্টিয়ামে' প্রেরণ করা হয়েছে। জাপানি শব্দ ইমোজির 'ই' মানে হল ছবি এবং 'মোজি' মানে হল হরফ বা বর্ণ, যা ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়। স্মার্টফোন বা ওয়েবে বার্তা চালাচালির সময় ইমোজি ব্যবহার করে খুব সহজেই এমন কিছু বোঝানো যায় যা হয়ত প্রচলিত ভাষায় লিখে বোঝানো কষ্টকর।
ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 'প্রক্টর অ্যান্ড গ্যাম্বল' (পিঅ্যান্ডজি)-এর এক গবেষণায় দেখা গিয়েছে, ১৬ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে শতকরা ৮২ শতাংশই প্রতিদিন ইমোজি ব্যবহার করেন।
চার গুগল কর্মী নিয়ে গঠিত ইমোজি নকশাকারী দলটির ভাষ্যমতে, তাদের কাজের প্রেরণা হিসেবে ছিল 'নিউ ইয়র্ক টাইমস'-এর উপসম্পাদকীয়তে প্রকাশ হওয়া 'ইমোজি ফেমিনিজম' নামে একটি নিবন্ধ। নকশাকারী দলটির মতে তাদের কাজ নারীর ক্ষমতায়ন এবং সমগ্র বিশ্বে নারীদের গুরুত্ব তুলে ধরতে সাহায্য করবে।
ইমোজিগুলোর প্রকাশের সময় ধরা হয়েছে চলতি বছরের মাঝামাঝিতে। কিন্তু তার আগে ইউনিকোডের অনুমোদন পাওয়া যাবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না। অনুমোদন পেতে হলে সব প্ল্যাটফরমে ঠিকঠাক কাজ করতে হবে ইমোজিগুলোকে।
ইতোমধ্যেই ব্যবহারকারীরা কিছু ডিভাইসে আলাদা আলাদা গায়ের রঙ বাছাই করতে পারেন। সম্প্রতি ইমোজি'র সার্চ ইঞ্জিন ইমোজিপিডিয়া প্রস্তাব করেছে- ব্যবহারকারীদের ইমোজি'র চুল আর লিঙ্গ বাছাইয়েরও সুযোগ দেওয়া উচিত।
