২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা সাইবার জগতে 'চিচিং ফাক'!

আরব্য রজনীর আলিবাবার সেই বিখ্যাত বাণী এবার ভয়াবহ রূপ নিয়েই ফিরল বুঝি!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 07:34 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

মার্কিন যুক্তরাষ্ট্রে বড় হ্যাকিংয়ের ঘটনাগুলোয় সন্দেহের তীর বরাবরই তাক করা ছিল চীনের দিকে। এবার সেই চীনেই ঘটে গেল তথ্য নিরাপত্তায় বিশাল বিপর্যয়। আক্রান্তের তালিকায় আছেন আলিবাবা প্রধানও।

চীনের ইতিহাসে বৃহত্তম অনলাইন তথ্য ফাঁসের ঘটনায় দেশটির বিপুলসংখ্যক ধনকুবের আর রাজনৈতিক ব্যক্তিবর্গের ‘ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য’ টুইটারে প্রকাশ হয়েছে। এর মধ্যে চাইনিজ কমিউনিস্ট পার্টির কর্মকর্তা থেকে শুরু করে আলিবাবা প্রধান জ্যাক মা, এমনকি সিনেমা চেইন পরিচালনা প্রতিষ্ঠান ড্যালিয়ান ওয়ান্ডা গ্রুপ-এর চেয়ারম্যান ওয়্যাং জিয়ানলিন-এর মতো ব্যবসায়ীর ব্যক্তিগত তথ্য থাকতে পারে বলে আশংকা করছে ব্লুমবার্গ।

টুইটারে 'শেনফেনঝেং', সোজা বাংলায় 'ব্যক্তিগত পরিচয়পত্র' নামের একটি অ্যাকাউন্টে সরকারি, ব্যাংকিং, প্রযুক্তি ও শিল্প খাতে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অফিশিয়াল পরিচয়পত্র থেকে শুরু করে বাসস্থানের ঠিকানা পর্যন্ত সবই ফাঁস করে দেওয়া হয় বলে জানায় ব্লুমবার্গ। এ ছাড়াও কিছু ক্ষেত্রে তাদের সন্তানদের ব্যক্তিগত তথ্য প্রকাশেরও অভিযোগ পাওয়া গেছে।

টুইটগুলোর মধ্যে অনেকগুলোই খুব দ্রুতই মুছে দেওয়া হয়। তবে প্রকাশিত পরিচয়পত্র নম্বরগুলোর মধ্যে কমপক্ষে দুইটির যথার্থতা সম্পর্কে নিশ্চিত করেছে ব্লুমবার্গ। তবে কখন বা কীভাবে এ টুইটগুলো মুছে দেওয়া হয় এ ব্যাপারটি স্পষ্ট নয়। টুইটারের মুখপাত্র নু ওয়েক্সলার ব্যক্তিগত গোপনীয়তার অজুহাতে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত টুইটার বার্তায় বলা হয়, পদ-পরিচয় নির্বিশেষে যে কোনো চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য কতটা সহজে কালোবাজারে পাওয়া যাচ্ছে - তা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেওয়া-ই এর উদ্দেশ্য।

এতে বলা হয়, "আপনি সরকারি কর্মকর্তা বা সেলিব্রিটি যে-ই হয়ে থাকুন না কেন, যে কারও সম্পর্কিত তথ্য বের করা খুবই সহজ। আমি আশা করি এতে এ জাতির চোখ খুলবে, আর তারা দেখতে পাবে যে ব্যক্তিগত তথ্যের কোনো মূল্যই নেই চীনে।"

ফাঁস হওয়া তথ্যের মধ্যে আলিবাবা গ্রুপ হোল্ডিংস লিমিটেড-এর চেয়ারম্যান দেশটির দ্বিতীয় শীর্ষ ধনী জ্যাক মা, টেনচেন্ট হোল্ডিংস লিমিটেড-এর চেয়ারম্যান মা হুয়াতেং, শিয়াওমি কর্পো.-এর সহপ্রতিষ্ঠাতা লেই জুন, ডালিয়ান ওয়ান্ডা গ্রুপ কো.-এর সহপ্রতিষ্ঠাতা ওয়্যাং জিনলিন এবং স্যানি হেভি ইন্ডাস্ট্রি কো.-এর চেয়ারম্যান লিয়াং ওয়েংঙ্গেন-এর তথ্য রয়েছে। সরকারি কর্মকর্তাদের মধ্যে দেশটির প্রধান একটি প্রদেশের গভর্নর রয়েছেন।

এক্ষেত্রে সব তথ্যের যথার্থতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানায় ব্লুমবার্গ। শিয়াওমি ও স্যানি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে, ওয়ান্ডা, আলিবাবা ও টেনচেন্টও কোনো সাড়া দেয়নি।

এ ঘটনার পর বৃহস্পতিবার ওই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। তবে এর দাবি যদি সত্য হয়ে থাকে, তবে প্রকাশিত তথ্য ব্যবহার করে নিরাপত্তা দলগুলোকে বোকা বানিয়ে সামাজিক মাধ্যম এবং ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অনধিকার প্রবেশ করা যাবে।

এ বিষয়ে দেশটির জননিরাপত্তা মন্ত্রীর মন্তব্য চাওয়া হলে তিনি তাতে সাড়া দেননি।

ব্লুমবার্গ জানায়, বিশ্বব্যাপী একের পর এক ব্যক্তিগত তথ্য এবং সেলিব্রিটি অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার ধারাবাহিকতায় বিশ্বের বৃহত্তম ফায়ারওয়ালের মালিক চীনে এ ঘটনায় অনলাইনে তথ্যের নিরাপত্তায় সরকারের কড়াকড়ির কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বর্তমান চীনা আইন অনুযায়ী এ ধরনের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে অর্থদণ্ড থেকে শুরু করে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সম্প্রতি চীন ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সুনিশ্চিত করতে নতুন নীতিমালার জন্য পদক্ষেপ নিয়েছে বলে জানান চায়না ইনফরমেশন সিকিউরিটি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট জুও শিয়াওডং। তিনি ববলেন, "চীনে নীতিমালার অভাবে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নতুন নীতিমালা দাঁড় করাতে সাধারণত কয়েক বছর সময় লেগে যায়, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তা অনেক আগেই তৈরি হয়ে যাবে।"