নোকিয়ার শেয়ার মূল্য পতন
চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে ফিনিশ মোবাইল ফোন নির্মাতা নোকিয়ার নেটওয়ার্ক ট্রাফিক সামগ্রী বিক্রির পরিমাণ প্রত্যাশা অনুযায়ী হয়নি, আর তা আরও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যালকাটেল লুসেন্ট কিনে নেওয়ার পর দুই প্রতিষ্ঠানের কার্যক্রম একীভূত করার সময় ক্রেতারা অর্ডার ধরে রাখায় এমনটা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পড়তির মুখে থাকা লাভ পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটির পরিকল্পনা বিস্তারিতভাবে প্রকাশে অস্বীকৃতি জানানোর কারণেই এ ঘটনা ঘটেছে বলে জানায় রয়টার্স। ১০ মে ফিনিশ শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ৭.২ শতাংশ কমে দাঁড়ায় ৪.৬৫ ইউরোতে।
পুরো অর্থ বছরে প্রতিষ্ঠানটির লাভ ৭ শতাংশের বেশি কমে যাবে বলে পূর্বাভাস দিয়েছে নোকিয়া। আর বিশ্লেষকদের মতে সংখ্যাটা ৯.৪ শতাংশ হবে। আর অ্যালকাটেল লুসেন্ট-এর সঙ্গে একীভূত হওয়ার খরচটা সামলে নেওয়ার পর ২০১৮ সালে প্রতিষ্ঠানটির লাভ ১১.৬ শতাংশে বাড়বে বলে আশা করছেন বিশ্লেষকরা।
প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা টিমো ইহামুয়োটিল এক সম্মেলনে বিনিয়োগকারীদের জানান, ৭ শতাংশের লক্ষ্যমাত্রাকে নোকিয়ার ভিত্তি হিসেবে দেখা উচিত। এর উপর ভিত্তি করে ২০১৬ সালের মধ্যে নোকিয়া উন্নতি করতে পারে। তবে, একে যাতে ভবিষ্যৎ আয়ের হিসাব কষতে ব্যবহার করা না হয় সে বিষয়ে বিশ্লেষকদের সতর্ক করেছেন তিনি।
সুইডিশ ফোন নির্মাতা এরিকসন এবং চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে- এর সঙ্গে পাল্লা দিতে এ বছরের শুরুতে ১৫৬০ কোটি ইউরো-এর বিনিময়ে প্রতিদ্বন্দ্বী ফ্রেঞ্চ-আমেরিকান প্রতিষ্ঠান অ্যালকাটেলকে কিনে নেয় নোকিয়া। এ প্রতিষ্ঠান দুটির একীভূতকরণ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ক্রেতারা অর্ডার দেওয়া থেকে বিরত রয়েছেন বলে জানায় রয়টার্স।
অ্যালকাটেল লুসেন্ট-এর সঙ্গে নোকিয়ার একীভূতকরণের মাত্র চার মাস পরই পূর্বাভাস দেওয়াটা অনেকটাই কঠিন ছিলো বলে জানান টিমো। তিনি বলেন, "আমরা এখনও এ ব্যাপারে যথেষ্ট স্পষ্ট ধারণা পাইনি।"
প্রতিষ্ঠানটির বৃহত্তম বাজার উত্তর আমেরিকায় বিক্রি ১৭ শতাংশ কমে গেছে। মধ্যপ্রাচ্যে এ অবনতি ১১ শতাংশ, এশিয়া-প্যাসিফিকে ৬ শতাংশ এবং চীনে ৫ শতাংশ। তবে ল্যাটিন আমেরিকায় প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ৬ শতাংশ, জানিয়েছে রয়টার্স।
এই একীভূতকরণ প্রক্রিয়ার জন্য নোকিয়া ২০১৮ সালের মধ্যেই ৯০ কোটি ইউরো বাঁচানোর চেষ্টায় আছে। ব্যয় কমাতে প্রতিষ্ঠানটি এপ্রিল মাস থেকেই কর্মী ছাটাই শুরু করে। প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বব্যাপী নোকিয়ার হাজার হাজার কর্মী ছাঁটাই করা হবে, যার মধ্যে থাকবে জার্মানিতে ১৪০০ এবং ফিনল্যান্ডে ১৩০০।
ইন্ডারেস ইকুইটি রিসার্চ-এর বিশ্লেষক মিকাইল রাউটানেন বলেন, তারবিহীন নেটওয়ার্কে নোকিয়ার এ পতন ‘বিস্ময়করভাবেই ভয়াবহ’। বাজার এখনও অনেক কঠিন, যা তাদের ব্যয় কমানো প্রকল্পে জোর দেওয়ার পেছনে ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে।
