২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান সরকারী দলে ‘রুশ সাইবার হামলা’

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল-এর দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টি (সিডিইউ)-এর কম্পিউটার সিস্টেম হ্যাকে চলতি বছর এপ্রিল থেকে চেষ্টা চালাচ্ছে হ্যাকারদের একটি দল, জানিয়েছে একটি সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান। ওই হ্যাকার দলটি রুশ সরকারের সমালোচকদের লক্ষ্য হিসেবে নিয়ে থাকে বলে মত সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 05:46 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর গবেষকরা জানিয়েছেন, 'পন স্টর্ম' নামের এই হ্যাকার দল দুটি বিনামূল্যের ইমেইল সেবা ব্যবহার করে সিডিইউ আর শীর্ষস্থানীয় ব্যক্তিদের ব্যক্তিগত আর কর্পোরেট ডেটা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এক বছর আগে, জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ-এ আঘাত হানা সাইবার হামলার সঙ্গে এই হ্যাকার দলের সম্পর্কিত বলে মত দেন এই গবেষকদল।

সর্বশেষ প্রচেষ্টায়, হ্যাকাররা লাটভিয়া আর নেদারল্যান্ডসভিত্তিক কম্পিউটার সেবা ব্যবহার করে কিছু ফিশিং চালানোর মাধ্যমে সিডিইউ আর শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের কম্পিউটার সিস্টেমে অ্যাকসেস নেওয়ার চেষ্টা চালাচ্ছে, এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ট্রেন্ড মাইক্রো। 

রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার জার্মানির রাজধানী বার্লিনে সিডিউ-এর প্রধান কার্যালয়ের এক সূত্রের পক্ষ থেকে বলা হয়, "এখন পর্যন্ত কোনো আক্রমণ সংঘটিত হয়নি। তবুও আমরা আমাদের আইটি খাতে যথোপযুক্ত পরিবর্তন এনেছি। এই ঘটনার কারণ নিয়ে আমরা কিছু বলতে পারি না।"

প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে পন স্টর্ম। এই হ্যাকার দলটিকে দীর্ঘ সময় ধরে টিকে থাকা সাইবার গুপ্তচর দলগুলোর মধ্যে 'অন্যতম' বলে বিবেচনা করা হয়।

কয়েকটি বড় কম্পিউটার গবেষণা দলের ভাষ্যমতে, হ্যাকার দলটি রাশিয়ার প্রতিদ্বন্দ্বীদের লক্ষ্য হিসেবে নিয়ে থাকে। আর এর মধ্যে ন্যাটো, তুরস্ক আর মার্কিন যুক্তরাষ্ট্র সরকার অন্তর্ভূক্ত।

ট্রেন্ড মাইক্রো’র পক্ষ থেকে বলা হয়, "পন স্টর্ম স্পষ্টভাবে রাশিয়ার রাজনীতি বা আগ্রহে ঝুঁকি হতে পারে এমন দলগুলোকেই লক্ষ্য হিসেবে নিয়ে থাকে।"

২০১৫ সালে প্রথম জার্মান পার্লামান্টে সাইবার আক্রমণের ঘটনা ধরা পড়ে। সে সময় জার্মান গণমাধ্যম জানায়, কম্পিউটার সিস্টেম-কে বদলে ফেলতে সরকারকে লাখ লাখ ইউরো খরচ করতে হবে।

জার্মানির সাপ্তাহিক সংবাদ সাময়িকী দার স্পিগেল জানিয়েছে, রাশিয়ান গুপ্তচর সংস্থা এই আক্রমণ ঘটিয়েছে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

২০১৫ সালের জানুয়ারিতে, মের্কেলের ওয়েবসাইটসহ জার্মান সরকারের একাধিক ওয়েবসাইট হ্যাক হয়। ইউক্রেইন সরকারকে সমর্থন করা একটি দল এই হ্যাকের দায় স্বীকার করে নেয়।