২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডায় ফের সামাজিক মাধ্যম বন্ধ

উগান্ডায় প্রেসিডেন্ট মুসেভিনি-এর অভিষেককে সামনে রেখে সব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 12:42 PM

দেশটির একজন কর্মকর্তা জানান, সামাজিক মাধ্যমগুলোতে 'হেইট স্পিচ এবং সহিংসতার ডাক আসার আশংকায়' বুধবার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়।

উগান্ডায় সামজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করে দেওয়ার ঘটনা এই প্রথম নয়। চলতি বছর ১৮ই ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচনের প্রাক্কালে হোয়াটসঅ্যাপ, ফেইসবুক এবং টুইটার বন্ধ করে দেওয়া হয়।

১১ মে এক প্রতিবেদনে উগান্ডাভিত্তিক সংবাদ সাইট শিম্পরিপোর্টস ডটকম জানিয়েছে, দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক সূত্র থেকে বলা হয়, “আমরা আজকে সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিচ্ছি”।

দেশের ইন্টারনেট প্রদানকারী সংস্থাগুলো জানায়, সামাজিক মাধ্যমগুলো বন্ধ করে দিতে তাদের উপর একটি নির্দেশনা জারি করা হয়েছে।

‘রোক টেলিকন’ (Roke Telecon) নামের একটি প্রতিষ্ঠান একট বিবৃতিতে বলে, "আমরা জানাতে চাই আমাদের নিয়ন্ত্রক সংস্থা উগান্ডা কমিউনিকেশনস্‌ কমিশন (UCC) থেকে নিরাপত্তার কারণে বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ রাখার নির্দেশ রয়েছে।”

এর আগে বুধবারে বিরোধী দলীয় নেতা ড. কিজ্জা বেসিগইয়ে-এর শপথ নেওয়ার গুজব ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। বেসিগইয়ে-এর দাবি, ফেব্রুয়ারি নির্বাচনে তিনি ৫২ শতাংশ সমর্থন পেয়েছেন। কিন্তু উগান্ডা সুপ্রিম কোর্ট মুসেভিনি-এর জয় নিশ্চিত করে দেয়।