বন্ধ হচ্ছে ডিজনি ইনফিনিটি
জনপ্রিয় টয়-টু-লাইফ গেইম ফ্র্যানঞ্চাইজি ডিজনি ইনফিনিটি বন্ধ করে দিতে যাচ্ছে এর স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ডিজনি।
ডিজনি জানায়, এ গেইমটি প্রত্যাশিত ফলাফল আনতে না পারায় নিজস্ব কনসোল গেইম বানানো বন্ধ করে দিতে যাচ্ছে তারা। ডিজনি ইনফিনিটি বিভাগের প্রধান জন ব্ল্যাকবার্ন এ খবর নিশ্চিত করেছেন।
বিবিসি জানায়, ২০১৩ সালে চালুর পর ২০১৫ সালের আগস্টে তৃতীয়বারের মতো এর বড় ধরনের সংস্করণ মুক্তি পায়। এতে প্লেয়ারদের জন্য বাস্তব খেলনার সংগে বিশেষ ডক ব্যবহার করে নতুন চরিত্র ও চ্যালেঞ্জ আনলক করার সুযোগ ছিলো।
এ ঘোষণায় ডিজনি ইনফিনিটির ফোরাম এবং সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে হতাশা প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারীই। এ ছাড়াও অনেকেই বর্তমান ব্যবহারকারীদের জন্য গেইমটির অনলাইন ফিচারগুলো চালু রাখার দাবি জানিয়েছেন।
ডিজনির এ সিদ্ধান্তে সিরিজটির নির্মাতা গেইম স্টুডিও অ্যাভাল্যাঞ্চি সফটওয়্যার বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজি কিনে নেওয়ার পর এই গেইম নির্মাতা স্টুডিও লুকাসআর্ট বন্ধ করে দেয় ডিজনি।
তবে ইনফিনিটির ব্যানারে শেষ দুটি পণ্য বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ডিজনি। এর মধ্যে "অ্যালিস থ্রু দ্যা লুকিং গ্লাস" এ মাসেই এবং "ফাইন্ডিং ডোরি" জুনে মুক্তি পেতে যাচ্ছে।
