ব্যাটলফিল্ড ওয়ান আনছে ভিন্নতা
ব্যাটলফিল্ড সিরিজের পঞ্চম গেইম ব্যাটলফিল্ড ওয়ান-এর ট্রেইলার মুক্তি পাওয়ার পর এই গেইমকে বিভিন্ন ধাঁচের এক বিরল "সম্মেলন" বলে অভিহিত করেন গেইমটির প্রকাশনা প্রতিষ্ঠান ইএ-এর অন্যতম কর্তা প্যাট্রিক সোডারলান্ড।
তিনি বলেন, "ব্যাটলফিল্ড ওয়ান শুটিং গেইম হওয়া সত্ত্বেও আনলকএবল আইটেমস এবং গেইমে অগ্রগতির ক্ষেত্রে প্রচুর আরপিজি ধাঁচের বিষয়াদি ছিলো। কয়েক বছর আগে অ্যাকশন স্পেইস, শুটার স্পেইস বা ড্রাইভার স্পেইসের বিষয়গুলো ছিলো। আর এখন এ আলাদা ধাঁচগুলো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।"
২০১৩ সালে ব্যাটলফিল্ড ফোর মুক্তি পাওয়ার পর ফার্স্ট পার্সন শুটার (এফপিএস)-এর সংজ্ঞাই বদলে দেয়।
প্যাট্রিক বলেন, "এ গেইমগুলোর লাইভ অনলাইন বিষয়বস্তুগুলো চার বছর আগের সঙ্গে এখনকার পার্থক্য গড়ে দেয়। গেইমারেরা এখন একটি গেইমের মধ্যেই কয়েক রকমের অভিজ্ঞতা পাবেন - এ ব্যাপারটি রোমাঞ্চকর বলে আমি মনে করি।"
তিনি জানান, ব্যাটলফিল্ড ওয়ান-এর পরিবেশ-পরিস্থিতি খুবই ভিন্নধর্মী ও ভক্তদের জন্য রোমাঞ্চকর হবে।
তিনি বলেন, "গেইমারেরা আগে দেখেনি এমন অনেক কিছু দিয়েই গেইমটি ঠাসা। ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু হয় ঘোড়ার পিঠে আর শেষ হয় সাবমেরিন, ট্যাংক আর এয়ারপ্লেইনে। এটি অসাধারণ এক প্রযুক্তিগত বিবর্তন।"
ব্যাটলফিল্ড ওয়ান আপাতত পিসি, প্লেস্টেশন ফোর, এক্সবক্স ওয়ান কনসোলের জন্য বাজারে আসছে। তবে আগামী বছর আসন্ন নিনটেন্ডোর নতুন কনসোল এনএক্স-এর প্রসংগে প্যাট্রিক বলেন, "আমাদের প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে আমি নিজে নিনটেন্ডোর বিশাল ভক্ত। আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি, আর যখনই তারা কিছু বাজারে আনবে এবং তা আমাদের কাছে অর্থবহ বলে মনে হবে, তখনই আমরা সেখানে থাকবো।"
গত কয়েক বছর ধরেই এফপিএস গেইমগুলোর আবেদন কমে আসছে - এই দাবি বিষয়ে তিনি বলেন, "এই কথাটি অনেকটাই ঠিক। আমার ধারণা, গেইম নির্মাতা হিসেবে আমাদের উচিত নিজেদের চ্যালেঞ্জের সম্মুখীন করা আর নিজেদের সামর্থ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করা। আমাদের জন্য ভবিষ্যতের বদলে অতীতে যাওয়াটাই এমন অশেষ সব সুযোগের সৃষ্টি করেছে, যা আমাদের ধারণারও বাইরে ছিলো।"
অক্টোবরে বাজারে আসার পর ব্যাটলফিল্ড মুখোমুখি হতে যাচ্ছে কল অফ ডিউটি: ইনফিনিটি ওয়ারফেয়ার-এর। এ দুটি ফ্র্যাঞ্চাইজির মুখোমুখি লড়াইয়ের ঘটনা এই প্রথম নয়। প্রতিযোগিতার দৌড়ে কোন গেইমটি এগিয়ে থাকবে - সাংবাদিকদের এএমন পপ্রশ্নের জবাবে প্যাট্রিক বলেন, "তাদের (কল অফ ডিউটি নির্মাতারা) কাজকে আমি প্রচুর সম্মান করি এবং তাদেরও আমাদের প্রতি একই মনোভাব রয়েছে বলে আমার ধারণা। আমি মনে করি এটি সুস্থ একটি প্রতিযোগিতা এবং এর ব্যবসায়েরই অংশ হওয়া উচিত।"
