নিজস্ব ভিডিও সেবা আনল অ্যামাজন
নিজস্ব অনলাইন ভিডিও সার্ভিস 'অ্যামাজন ভিডিও ডিরেক্ট' চালু করেছে অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন।
বিবিসি জানায়, এতে ব্যবহারকারীদের জন্য ভিডিও পোস্ট করা এবং তার মাধ্যমে আয় করার সুযোগ থাকছে। দর্শকরা বিভিন্ন কনটেন্ট কিনতে বা ভাড়া নিতে, অথবা বিজ্ঞাপনসহ একটি সংস্করণ বিনামূল্যেই দেখতে পারবেন। তবে অ্যামাজন প্রাইম সদস্যদের জন্য একটি বিজ্ঞাপনহীন সংস্করণ থাকছে, যাতে সাবস্ক্রিপশন সেবাসহ আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে।
প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রিয়া, জাপান এবং যুক্তরাজ্য থেকে এই সেবা পাওয়া যাবে।
অ্যামাজন ভিডিও ডিরেক্ট-এর ভাইস প্রেসিডেন্ট জিম ফ্রিম্যান বলেন, "এখন আগের যে কোনো সময়ের চেয়ে বিতরণের সুযোগ অনেক বেশি। আর অ্যামাজন ভিডিও ডিরেক্ট-এর সেলফ সার্ভিস অপশন ব্যবহার করে ভিডিও সরবরাহকারীদের জন্য নিজেদের ভিডিওগুলো একটি প্রিমিয়াম স্ট্রিমিং সাবস্ক্রিপশন সেবায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।"
তিনি আরও বলেন, "নির্মাতাদের জন্য আরও সহজে দর্শক খুঁজে পাওয়া এবং দর্শকদের জন্য অসাধারণ সব কন্টেন্ট খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি করতে পেরে আমরা রোমাঞ্চিত।"
প্রতিষ্ঠানটি আগে থেকেই নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট প্রাইম ভিডিও-এর মাধ্যমে দর্শকদের টিভি শো এবং মুভি দেখার সুযোগ দিয়ে আসছে। এ ছাড়াও টুইচ-এর মাধ্যমে ব্যবহারকারীদের বানানো গেইমিং ভিডিও স্ট্রিম করে থাকে।
অ্যামাজনের নতুন এ সেবা বাড়তি কিছু সুযোগ সুবিধা যোগ করে এ ক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ওয়েবসাইট ইউটিউবের জন্য কিছুটা হলেও চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে বলে ধারণা করছে রয়টার্স। তবে তা কতটুকু কার্যকরী হয় তাই ভবিষ্যতে দেখার বিষয়, ভাষ্য বিবিসির।
এর আগে প্রতিষ্ঠানটি বিনামূল্যের কনটেন্ট প্রচারের প্ল্যাটফর্ম ইউটিউব, স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম ব্যবহার করে কনটেন্ট প্রকাশ করত।
