২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষপাতের অভিযোগ মিথ্যা: ফেইসবুক

পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহরিয়ার হাসান পরশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 06:58 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

ফেইসবুক ওয়েবসাইটে থাকা 'ট্রেন্ডিং টপিকস’ বিভাগে নিজেদের ইচ্ছামত পোস্ট দেয়ার অভিযোগ উঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। রাজনৈতিক বিষয়ে প্রতিষ্ঠানটি একচোখা হয়ে উঠেছে বলেও অভিযোগ উঠে।

ঘটনার শুরু হয় যখন ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রকাশ্যে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেন। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, জাকারবার্গের এই বক্তব্যের কয়েক সপ্তাহ পরেই অভিযোগ এল ফেইসবুকের বিরুদ্ধে।

'ট্রেন্ডিং টপিকস’ নামের কলামটি ফেইসবুক সাইটের হোম পেইজের ডানে উপরের অংশে দেখা যায়। বিভাগটির উদ্দেশ্য হল সমগ্র পৃথিবী জুড়ে যেসব জনপ্রিয় বিষয়গুলো নিয়ে ফেইসবুক ব্যবহারকারীরা খুব বেশি আলোচনা করছে, সেগুলোর উপরে আলোকপাত করা। ফেইসবুকের দেওয়া বিবৃতি অনুযায়ী এই বিভাগটি অ্যালগরিদমের পরিবর্তে মানুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোনো প্রোগ্রামের পরিবর্তে মানুষ থাকার যুক্তি হিসেবে প্রতিষ্ঠানটি জানায়, মানুষ থাকার কারণ হল খুব বেশি আলোচিত হলেও সাধারণ বিষয়গুলি যেমন-দুপুরে কি খাওয়া হল? এ ধরনের পোস্ট যেন বিভাগটিতে না জমে।

প্রযুক্তিবিষয়ক সাইট গিজমডো বেনামি এক উৎসের বরাত দিয়ে জানায়, ফেইসবুক থেকে প্রতিষ্ঠানটির কর্মীদের উপরে নির্দেশ রয়েছে বিবিসি, সিএনএনের মতো মূলধারার সংবাদপত্রের রাজনৈতিক বিষয়যুক্ত পোস্টগুলো 'ট্রেন্ডিং টপিকস'-এ যাওয়ার আগেই যেন খুঁজে বের করা হয়। উৎসের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, ট্রেন্ডিং টপিকস বিভাগে ব্যবহারকারীরা খুব বেশি আলোচনা করেনি এমন পোস্টও প্রদর্শন করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের 'শীর্ষস্থানীয় রাজনৈতিক রক্ষণশীল' সংবাদমাধ্যম ব্রেইটবার্ট জানিয়েছে, 'ফেইসবুকের ট্রেন্ডিং-এ কৃত্রিমভাবে রক্ষণশীলদের থামিয়ে দেওয়া হচ্ছে, আর প্রগতিশীলদের শক্তি যোগাচ্ছে'- এই প্রতিবেদনগুলো তাদের দীর্ঘ দিনের এমন 'সন্দেহ' নিশ্চিত করে। বেনামী ওই সূত্রে আরও দাবি করা হয়, 'ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টস'-এর মতো কর্মীদের পছন্দের ঘটনার সংবাদ প্রতিবেদনগুলোতে কৃত্রিমভাবে অধিক প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে, এই অভিযোগকেও 'অসত্য' দাবি করেছে ফেইসবুক।

অভিযোগের জবাবে নেটওয়ার্কের সার্চ বিভাগের প্রধান টম স্টকি এক পোস্টে জানান, এ ধরনের অজ্ঞাতনামা অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। তার মতে, ফেইসবুকের রিভিউ দল কখনোই এ ধরনের ভেদাভেদ করে না। যদি কোনো রিভিউয়ারের বিরুদ্ধে এধরনের প্রমাণ পাওয়া যায় তবে তাকে চাকরিচ্যুতও করা হতে পারে।