২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রাউডফান্ডিংয়ে সেবা কমাচ্ছে পেপাল

কিছু সংখ্যক দেশে ক্রাউডফান্ডিং প্রকল্পগুলোয় লেনদেনে নিজেদের সেবা গুটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে অনলাইন লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাকিয়া শবনম বৃষ্টি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

চীন, ব্রাজিল আর কানাডাসহ কয়েকটি দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিষ্ঠানটি তাদের বিনিয়োগ ঝুঁকির সঙ্গে সঙ্গতি রেখে ‘পেমেন্ট প্রটেকশন পলিসি’-তে পরিবর্তন আনছে। এটাতে আরও কোনো পরিবর্তন আনা হবে কিনা তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটি জুয়া আর সরকারি সংস্থার লেনদেনেও আর কোনো ধরনের সুবিধা দেবে না।

এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, “ক্রাউডফান্ডিংয়ের মতো খাতে বিদ্যমান ঝুঁকি আর অনিশ্চয়তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ। ক্রাউডফান্ডিংয়ের মতো খাতগুলোয় বিনিয়োগ থেকে মুনাফা আসবেই এমন নিশ্চয়তা পাওয়া যায় না।"

ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া পরিচালিত স্বতন্ত্র একটি গবেষণায় জানা যায় যে, সাইটটিতে থাকা ৯ শতাংশই প্রকল্পই ‘পুরস্কার সরবরাহে ব্যর্থ হয়েছে’।

গবেষণায় আরও জানা যায় যে, এক হাজার ডলার বা তার কম মূল্যের ছোট প্রকল্পগুলো ব্যর্থ হওয়ার ভয় বেশি। কিন্তু ৭৩ শতাংশ বিনিয়োগকারী জানান, একটি প্রকল্প কাজ না করলেই তারা অন্যটায় বিনিয়োগ করা বন্ধ রাখবেন না।

কিকস্টার্টার বলে, “আমরা সবাইকে বোঝাতে চাই ঠিক কীভাবে কিকস্টার্টার কাজ করে—এটা কোনো দোকান না।"

“সৃষ্টিশীলতা আর নতুনত্বের মধ্যে ঝুঁকি আর ব্যর্থতা থাকবেই।"