২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুইলচেয়ার সহ গাড়ি চড়াবে উবার

হুইলচেয়ার-আকসেসএবল গাড়ি ভাড়া নেওয়ার জন্য লন্ডনে উবারওয়াভ নামে নতুন এক সেবা চালু করতে যাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। যেসব ব্যক্তিরা  হুইলচেয়ার ব্যবহার ছাড়া যাতায়াতে অক্ষম তাদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন এই প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:13 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

‘শুধু একটি বাটন চেপেই’ উবারএক্স-এর মতো 'সস্তায়' এই সেবা ব্যবহার করা যাবে। তবে, সম্প্রতি নতুন এই অপশনের জন্য উবারকে লাইসেন্স দেওয়া যায় কিনা এ নিয়ে ব্রিটিশ কাউন্সিলররা প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে বিবিসি।

উবারের নতুন এ সেবাটি উন্নয়নের জন্য আর্থিক সাহায্য প্রদান করেছে বেশ কয়েকটি দাতব্য সংস্থা। স্কোপ, হুইজ-কিড্‌জ এবং ট্রান্সপোর্ট উবারওয়াভকে সমর্থন করছে এবং এটি চালু করার জন্য এতে প্রথম ১৮ মাসের মধ্যেই ১০ লাখ পাউন্ডেরও বেশি বিনিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছে উবার।

উবারওয়াভের গাড়িগুলো রিয়ার-এন্ট্রি র‌্যাম্প, উইঞ্চ এবং রিসট্রেইন দ্বারা সজ্জিত। এ উপাদানগুলো হুইলচেয়ার ব্যবহারকারীরা ব্যবহার করে অতিরিক্ত একজন যাত্রীর সঙ্গে ভ্রমণ করতে পারবেন।

উবারের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫৫টি গাড়ি চালু করলেও তা জুন মাসের মধ্যেই একশ’রও বেশি করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তিনি আরও জানিয়েছেন, উবার ধারণা করছে প্রথম কয়েক সপ্তাহ জোন ১-২ এ ২৫ মিনিট এবং জোন ৩-৪ এ ৪০ মিনিটের মতো অপেক্ষা করতে হতে পারে।

উবারের লন্ডন শাখার মহাব্যবস্থাপক টম এলভিজ বলেছেন, “লন্ডনে ব্যক্তিগত ভাড়ার ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি করতে পেরে গর্ববোধ করছি এবং এবং আমরা যতটা সম্ভব কম সময় অপেক্ষা করানো এবং সেবাটি আরও বিস্তৃত করতে কঠোর পরিশ্রম করব।”

হুইজ-কিড্‌জ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রুথ ওয়েন এই সেবাটিকে ‘সঠিক নির্দেশনার পথে একটি পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেছেন, “নতুন এই উদ্যোগ লন্ডনের প্রতিবন্ধীদের রাজধানী ভ্রমণের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় একটি উপায়।”

অতীতে উবার হুইলচেয়ারের সুবিধা না দেওয়ার জন্য অনেক শহরেই সমালোচনার মুখোমুখি হয়েছে। এখন শুধু লন্ডনেই উবারওয়াভ-এর এ সুবিধা পাওয়া যাবে।

লন্ডন স্কুল অফ ইকনমিক্সের অধ্যাপক টনি ট্রাভার্স বলেছেন, “বড় দরজা এবং পিছনে সরানোর জন্য অনেক বড় জায়গা থাকায় লন্ডনের ক্যাবগুলো (কালো) ব্যবহারে সবসময়ই খুব সুবিধাজনক।”

তিনি আরও বলেছেন, “আমার মনে হয় লন্ডনে উবার বেশ চাপের মধ্যে থাকবে কেননা প্রধান প্রতিদ্বন্দ্বীদের একটা সুবিধা আছে।” তবে খুব শীঘ্রই লন্ডনের নতুন নির্বাচিত মেয়রের সুবিবেচনায় উবার আসতে পারে।

কারহু নামক উবারের এক প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চলতি সপ্তাহে লন্ডনে অভিষেক হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে এটি ৩০ হাজারেরও বেশি গাড়ি চালু করতে যাচ্ছে।

কারহুর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রতিষ্ঠাতা ডেনিয়াল ইশাগ বলেছেন, “আমাদের স্থানীয় অপারেটরদের বর্ধিত নেটওয়ার্কের মাধ্যমে কারহু যাত্রীদের ক্যাব ভাড়ার ক্ষেত্রে বেশি পছন্দ ও স্বচ্ছতার সুযোগ দেবে, কারহু লন্ডনের কেন্দ্রের বাইরে গাড়ি ভাড়া করাটা আগের তুলনায় অনেক বেশি সহজ করে দেবে।”