ক্ষতির মুখে এইচটিসির ভরসা 'ভাইভ'
স্মার্টফোন ব্যবসায় ব্যাপক ধ্বসের কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তাইওয়ানিজ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
বিবিসি জানায়, প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় শতকরা ৬৪ শতাংশ কমে এক হাজার চারশ' আশি কোটি তাইওয়ানিজ ডলারে (৪৫.৬ কোটি ডলার) নেমে এসেছে। আগের বছরের তুলনায় এতে ক্ষতি হয়েছে ২৬০ কোটি তাইওয়ানিজ ডলার।
অ্যাপল এবং স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় তাল রাখতে হিমশিম খেতে থাকা প্রতিষ্ঠানটি বাজারে কিছুটা ঠাঁই পেতে এইচটিসি টেন স্মার্টফোন এবং ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ভাইভ-এর দিকে তাকিয়ে আশায় বুক বাঁধছে বলে জানায় বিবিসি।
প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন এবং প্রধান নির্বাহী চের ওয়াং এক বিবৃতিতে বলেন, "এইচটিসিকে ঘিরে মিডিয়া এবং ভোক্তাদের মধ্যে বহুল প্রতীক্ষিত স্মার্টফোনটি এবং ভাইভ ভার্চুয়াল রিয়ালিটি সিস্টেম নিয়ে গুঞ্জনই স্পষ্টভাবেই উদ্ভাবনী ক্ষমতায় নেতৃত্বের পরিচায়ক।"
প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা চিয়ালিন চ্যাং জানান, স্মার্টফোনের ব্যবসায় এই মন্দাবস্থা তৃতীয় প্রান্তিকে গিয়ে আরও অনেকটা কেটে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
সিএস ইনসাইটের বিশ্লেষক বেন উড জানান, এপ্রিলে বাজারে আসা এইচটিসি টেন এবং ভাইভ হেডসেট - এ দুটি পণ্যই প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারণ করবে।
তিনি বলেন, "পরবর্তী প্রান্তিক খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ আমরা প্রতিষ্ঠানটির ওপর ভাইভ এবং এইচটিসি টেন ফোনটির প্রভাব দেখতে শুরু করবো। উন্নতির চিহ্ন দেখাতে প্রতিষ্ঠানটির আরও কঠোরভাবে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "অ্যাপলের অসাধারণ সাফল্য এবং স্যামসাং-এর নিজের সব প্রতিদ্বন্দ্বীকে প্রচারণায় হারিয়ে দিতে দৃঢ়প্রতিজ্ঞ মনোভাবের কারণেই এইচটিসি এ নড়বড়ে অবস্থানে রয়েছে।"
বিবিসি জানায়, পাঁচ বছর আগে এইচটিসি বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনগুলোর বাজারে ৯ শতাংশ দখলে রেখে চতুর্থ অবস্থানে ছিলো। তবে ২০১৫ সালে মাত্র ১ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে প্রতিষ্ঠানটি ১৭ তম অবস্থানে এসে পৌঁছেছে বলে গবেষণা সংস্থা আইডিসির তথ্য থেকে জানা যায়।
