ইউরোপ, কানাডায় চালু 'মোমেন্টস’
কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাত্রা শুরু করল ফেইস রিকগনিশন প্রযুক্তিসম্পন্ন ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপ 'মোমেন্টস’। আইনি বিধি-নিষেধ থাকায় এসব দেশে 'মোমেন্টস’ ব্যবহারে থাকবে কিছুটা ভিন্নতা।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে চালু হওয়া ফেইসবুকের এই অ্যাপটিকে তথ্য নিরাপত্তার অজুহাত দেখিয়ে বেশ কিছু দেশে অনুমোদন দেওয়া হয়নি। অবশেষে নিষেধাজ্ঞার কারণগুলো যাচাই করে অ্যাপটির একটি ভিন্ন সংস্করণ তৈরি করল প্রতিষ্ঠানটি। ফেইসবুকের মতে ভিন্ন সংস্করণ হলেও ব্যবহারকারীরা 'একটু কষ্ট’ করলেই অ্যাপের পুরো ফিচার উপভোগ করতে পারবেন।
মোমেন্টস-এর প্রধান ফিচার হল 'ফেইস রিকগনিশনের' মাধ্যমে ছবি যাচাই করে তা শ্রেণিভুক্ত করা। যেমন কোনো ব্যবহারকারীর বন্ধুদের শেয়ার করা ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে 'বন্ধু’ দলভুক্ত হয়ে যাবে। এ ছাড়া শেয়ার করা ছবিগুলোতে থাকা ব্যক্তিদের নাম স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করবে অ্যাপটি। ফেইসবুক থেকে জানানো হয়েছে বিশেষ সংস্করণে স্বয়ংক্রিয় ট্যাগের ব্যাপারটি থাকছে না, ট্যাগ করার দরকার হলে তা ব্যবহারকারীকেই করতে হবে।
এদিকে 'ফেইস রিকগনিশন’ ব্যবহার করার কারণে কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়নের তথ্য নিরাপত্তারক্ষীরা উদ্বেগ প্রকাশ করেছেন। এ খবর প্রকাশের আগের সপ্তাহে ফেইসবুকের বিরুদ্ধে 'ফেইস রিকগনিশন’-এর মাধ্যমে বায়োমেট্রিক প্রযুক্তির অপব্যবহারের অভিযোগ করা হলেও তা নাকচ করে দেয় একটি মার্কিন আদালত।
আদালতের ভাষ্যমতে, ফেইসবুক অবশ্যই ব্যবহারকারীর প্রত্যক্ষ অনুমতি ছাড়া ছবি নেয় না।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে 'মোমেন্টস’-এর পণ্য-ব্যবস্থাপক উইল রুবেন বলেন, শেয়ার করা ছবি থেকে কেটে নেওয়া একটি কম রেজুলিউশনের ছবিকে পরিবর্তন করা হয় একটি সংখ্যায় যা ব্যবহারকারীর ফোনের অন্যান্য ছবির সঙ্গে তুলনা করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। রুবেন আরও জানান, এই সংখ্যাটি আমরা আমাদের সার্ভারে সংরক্ষণ করি না। এমনকি ছবির সঙ্গে ছবির তুলনার কাজটিও ব্যবহারকারীর ফোনেই হয়ে থাকে।
অ্যান্ড্রয়েড এবং আইওএসের অ্যাপ স্টোরে অ্যাপটি শেষ ১১ মাস ধরে পাওয়া গেলেও এর ব্যবহারকারীদের সংখ্যা নিয়ে মুখ খোলেনি ফেইসবুক। তবে, বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, এ পর্যন্ত এই অ্যাপের মাধ্যমে ৬০ কোটি বেশি ছবি শেয়ার করা হয়েছে।
