২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি হচ্ছে স্বচালিত নৌযান

মানব চালকবিহীন প্লেন, যা ড্রোন নামে পরিচিত, ব্যবহৃত হয়ে আসছে কয়েক বছর ধরেই। গুগলসহ বিভিন্ন অটোমোবাইল নির্মাতা স্বচালিত গাড়িও পরীক্ষা করে দেখছে। এখন শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরে একটি মানব চালকবিহীন জাহাজ যুক্ত করার বিষয়টি ভাবা হচ্ছে। তবে এতে নিরাপত্তা ঝুঁকির আশংকা প্রকাশ করেছেন অনেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

যুক্তরাষ্ট্রের সেনা গবেষণা প্রতিষ্ঠান ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) নির্মিত 'সি হান্টার' নামে স্বয়ংক্রিয় এ জাহাজটি এযাবতকালের সবচেয়ে বড় মানুষবিহীন নৌযান। ১৩২ ফুট দৈর্ঘ্যের এ জাহাজটি রেডার, সোনার, ক্যামেরা এবং জিপিএস ব্যবহার করে সমুদ্রপথে দশ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত যাতায়াতের রুট ঠিক করে নিতে সক্ষম। ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ মাইল বেগে চলতে সক্ষম এই নৌযানটি লুকোনো সাবমেরিন ও মাইন খুঁজে বের করতে ব্যবহৃত হবে বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

জাহাজটির জোড়া ডিজেল ইঞ্জিন ব্যবহার করে একবারে স্যান ডিয়েগো থেকে গুয়াম পর্যন্ত যেতে পারে বলে জানিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান। ডারপা’র কর্মকর্তারা জানান, এ প্রকল্পে প্রাথমিকভাবে ১২ কোটি ডলার ব্যয় হলেও তা ২ কোটিতে নামিয়ে আনা সম্ভব। তবে একে এখনই অস্ত্রশস্ত্রে সজ্জিত করার কোনো পরিকল্পনার কথা জানা যায়নি।

কোনো সংঘর্ষ ছাড়াই এ নৌযানটি সাগরে চলাচলে পুরোপুরি সক্ষম কিনা - তা নিশ্চিত করতে নৌবাহিনী ও ডারপা আগামী দুই বছর ধরে এর ওপর পরীক্ষা-নিরীক্ষা চালাবে। জাহাজটি পরীক্ষামূলকভাবে স্যান ডিয়েগো উপকূলের কাছ দিয়ে নিরাপত্তা বিবেচনায় একজন মানুষ অপারেটরের সাহায্যে পরিচালিত হবে। তবে নির্ভরযোগ্য প্রমাণিত হলে পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে চালিত হবে নৌযানটি।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, সেনা কর্তৃপক্ষ ছাড়াও এ জাহাজটির দক্ষতার ওপর নজর রাখবে নৌপথে পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানগুলোও। দীর্ঘদিন যাবত প্রতিষ্ঠানগুলো নৌপথে পরিবহনের খরচ এবং ঝুঁকি কমাতে স্বয়ংক্রিয় নৌযানের ধারণাটি বিবেচনায় রেখেছে।

তবে এরই মধ্যে এ সংক্রান্ত নানা বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিশ্বের লাখেরও বেশি নৌকর্মীর প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন জানায়, সমুদ্রপথের নানা বিপজ্জনক পরিস্থিতি সংক্রান্ত পরিণামদর্শীতা এবং উপস্থিত বুদ্ধির ক্ষেত্রে প্রযুক্তি কখনোই মানুষকে ছাড়িয়ে যেতে পারবে এমনটা তারা বিশ্বাস করেন না।

এ ছাড়াও এ জাহাজ চালনা পুরোপুরিভাবে প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়লে তা হ্যাকারদের দখলে চলে যেতে পারে - এমন আশংকাও প্রকাশ করেছেন অনেক নিরাপত্তা বিশেষজ্ঞই। তবে মার্কিন সেনা কর্মকর্তারা এ জাহাজটিকে সাইবার আক্রমণের হাত থেকে নিরাপদ রাখা সম্ভব এমন আশ্বাস দিয়েছেন এবং হ্যাকার-প্রতিরোধী একটি নিরাপত্তা ব্যবস্থা তৈরিতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।