তিনি সেলফি তুলতে চেয়েছিলেন!
পর্তুগালের রাজধানী লিসবনে এক যুবক ষোড়শ শতাব্দীর পর্তুগিজ রাজার ভাস্কর্যের সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন। কিন্তু বিধিনাম! দূর্ভাগ্যবশত ১শ' ২৬ বছরের পুরনো এই ভাস্কর্যটি ভেঙ্গে গিয়েছে।
মধ্যরাতে ২৪ বছর বয়সী এক যুবক পর্তুগিজ রাজা ডম সিবাস্টিয়ানের ভাস্কর্য বেয়ে উঠে তার উপর থেকে সেলফি তুলতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে বলে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
ওই যুবক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলেও পুলিশ তাকে ধরে ফেলে। কিছুদিনের মধ্যেই তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
লিসবনের ওসিও রেলস্টেশনে ছোট আকৃতির ওই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল। দুঃখ ভরাক্রান্ত চোখে হাতের তলোয়ার ধরে রাজার এই ভাস্কর্যটি স্টেশনের ঘোড়ার খুরাকৃতি প্রবেশমুখের মাঝে দাঁড়ানো ছিল। ১৮৯০ সালে তৈরি ভাস্কর্যটিকে এতদিন স্টেশন কর্তৃপক্ষের সংরক্ষণেই ছিল।
সেলফি তুলতে গিয়ে এমন দূর্ঘটনা এই প্রথম নয়। এ যাবতকালে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে সেলফিপ্রেমীদের আসক্তির কারণে। চলতি বছর মার্চে যুক্তরাষ্ট্রে বান্ধবীকে সঙ্গে করে বন্দুক নিয়ে সেলফি তুলতে গিয়ে গুলি বেরিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। সেলফির জন্য তাজমহলের সিঁড়ি থেকে পরে মৃত্যু, চলন্ত ট্রেনের সামনে গিয়ে যুবকের মৃত্যু, পিতার বন্দুক দিয়ে ছেলের মৃত্যু ইত্যাদি বিভিন্ন দুর্ঘটনা লেগেই আছে।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের সারা বিশ্বে ‘সেলফি তুলতে গিয়ে’ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
