২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে আসছে উবারএক্স

শীঘ্রই জার্মানির রাজধানী বার্লিনে উবারএক্স সেবা চালু করতে যাচ্ছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। উবারএক্স সেবায় শুধু লাইসেন্সপ্রাপ্ত ও পেশাগত চালকেরাই যে ট্যাক্সি চালাচ্ছে তার নিশ্চয়তা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 10:43 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

উবারের জার্মান শাখার প্রধান ক্রিস্টিয়ান ফ্রিজ রয়টার্সকে জানিয়েছেন, বার্লিনে অন্য দেশ থেকে আসা চালকদের খুঁজে বের করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ওয়েল্ট আম জনটাগ নামের এক জার্মান সাপ্তাহিক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে ফ্রিজ বলেছেন, “আমরা জুনের মধ্যে বার্লিনে উবারএক্স চালুর পরিকল্পনা করছি।”

২০১৫ সালে জার্মান আদালত স্যান ফ্রানসিসকোভিত্তিক উবারকে লাইসেন্সবিহীন চালকের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। এ ছাড়াও স্থানীয় পরিবহন আইনভঙ্গের জন্য কঠোর জরিমানার ব্যবস্থা করে।

এ ঘটনার পর প্রতিষ্ঠানটির চালকের সংখ্যা সীমিত করে দেওয়া হয়েছে। উবারএক্স এবং উবারব্ল্যাক স্মার্টফোন অ্যাপের মাধ্যমে শুধু লাইসেন্স এবং অন্যান্য বৈধ কাগজপত্রসম্পন্ন চালকদের ব্যবহার করা হচ্ছে।

কিন্তু এর ফলে প্রতিষ্ঠানটি চালকের ঘাটতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই বর্তমানে ফ্র্যাংকফ্রুট ও হামবার্গে নিষিদ্ধ করার পর শুধু মিউনিখে উবারএক্স চালু রয়েছে।

ফ্রিজ জানিয়েছেন, ভবিষ্যতে তিনি জার্মানিতে উবারপুল সেবা চালু করতে চান, এ সেবাটিতে বিভিন্ন গ্রাহক তাদের ভাড়া শেয়ার করে উবারের গাড়ি ব্যবহার করতে পারবেন।

কিন্তু বর্তমানে এ সেবাটি চালু করার ক্ষেত্রে জার্মানের যাত্রী পরিবহন আইন লঙ্ঘিত হতে পারে।