হ্যাকের শিকার কিডিকেয়ার
গ্রাহকদের তথ্য চুরির ঘটনা ঘটেছে যুক্তরাজ্যভিত্তিক প্যারেন্টিং রিটেইলার কিডিকেয়ার-এর পরীক্ষামূলক ওয়েবসাইট থেকে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী ঘটনার সম্ভাব্য শিকার ৭ লাখ ৯৪ হাজার মানুষকে তারা ইমেইল করেছে। চুরি যাওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, ঠিকানা, ইমেইল এবং ফোন নাম্বার।
কিডিকেয়ার হল একটি শিশু পণ্যসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান, যা পিটারবর্গে তাদের ফ্ল্যাগশিপ স্টোর থেকে অনলাইনে ব্যবসা করে। বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানটি ব্যাপারটি প্রথম বুঝতে পারে যখন তাদের গ্রাহকরা কিডিকেয়ার থেকে প্রেরিত 'সন্দেহজনক' বার্তার কথা জানায়। ওই মেইলগুলো কোনোভাবেই কিডিকেয়ার থেকে পাঠানোর কথা নয়।
পরবর্তীতে তথ্য ও উপাত্তের ভিত্তিতে একটি নিরাপত্তা প্রতিষ্ঠান জানায়, ২০১৫ সালের নভেম্বরে চালু হওয়া কিডিকেয়ার-এর একটি পরীক্ষামূলক ওয়েবসাইট থেকে তথ্য চুরির ঘটনা ঘটেছে।
নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলেই এক ব্লগপোস্টে লিখেছেন, “প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের গুরুত্বপূর্ণ তথ্য রেখেছিল একটি পরীক্ষামূলক সাইটে যেখানে যেকোনো সময় দূর্ঘটনা ঘটার ভয় ছিল এবং শেষ পর্যন্ত তা-ই ঘটেছে।" ক্লুলেইয়ের মতে, কিডিকেয়ারের নামে ভুয়া পরিচয়ে 'দুষ্টচক্র' যে কোনো সময় অসতর্ক গ্রাহকের কাছ থেকে লেনদেনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে।
তথ্য চুরির ঘটনা ঘটার পরেও তা প্রকাশে হেলাফেলা করায় কঠোর সমালোচনায় পড়তে হয়েছে কিডিকেয়ারকে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা এ ব্যাপারে যুক্তরাজ্যের তথ্য কমিশনারকে রিপোর্ট করেছে। বিবিসিতে দেওয়া এক বিবৃতিতে কিডিকেয়ার তার গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের দূর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
