২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটিডব্লিউ-এ অংশ নিচ্ছে  রিভ সিস্টেমস

আন্তর্জাতিক টেলিকম ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর বার্ষিক সম্মেলন ইন্টারন্যাশনাল টেলিকমস উইক (আইটিডব্লিউ)-এর ২০১৬ আসরে স্বউদ্ভাবিত নতুন প্রযুক্তিপণ্য প্রদর্শন করেছে বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 10:40 PM

Updated : 20 Aug 2022, 12:40 PM

৮ থেকে ১১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো-তে চলছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ খাতের অন্যতম বৃহৎ এই প্রদর্শনী। এতে প্রতিষ্ঠানটি টানা ষষ্ঠবারের মতো অংশগ্রহণ করছে বলে জানিয়েছে রিভ সিস্টেমস। আইটেল আইএম অ্যাপ, আইটেল স্মার্ট কল অ্যাপ ও ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে প্রদর্শন করেছে রিভ।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, আইপিভিত্তিক যোগাযোগের জন্য অডিও কলের পাশাপাশি আইটেল আইএম অ্যাপে রয়েছে গ্রুপ চ্যাট, ফাইল শেয়ারিং, লোকেশন শেয়ারিং ও ভিডিও কলের সুবিধা। এ ছাড়া, আইটেল স্মার্ট কল ব্যবহারে কলিং কার্ড দিয়ে 'সাশ্রয়ে' যে কোনো মোবাইল বা ল্যান্ড লাইনে কথা বলাসহ এসএমএস ও মোবাইল টপ-আপের সুবিধা এবং ওয়েবআরটিসি-সিপ গেটওয়ে ব্যবহার করে সরাসরি ব্রাউজার থেকেই যে কোনো নম্বরে কল করার সুবিধা রয়েছে-- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্মেলনে দেশিয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন রিভ গ্রুপ-এর প্রধান নির্বাহী এম রেজাউল হাসান, পরিচালক মন্নুজান নার্গিস, রিভ সিস্টেমসের প্রধান নির্বাহী আজমত ইকবাল, হেড অফ গ্লোবাল সেলস রায়হান হোসেন এবং যুক্তরাষ্ট্রের হেড অফ রিজিওনাল সেলস মাইকেল হেন্ডারসন।

আইটিডব্লিউ-তে অংশগ্রহণ প্রসঙ্গে এম রেজাউল হাসান বলেন, “আইপিভিত্তিক যোগাযোগ সহজ ও সাশ্রয়ী করার পাশাপাশি রিভের এসব নতুন পণ্য ও সেবা টেলিকমিউনিকেশন খাতেও নতুন মাত্রা যোগ করবে।”

এ ছাড়াও, প্রযুক্তি বিশ্বের সমান্তরালে এগিয়ে যেতে নিজেদের পণ্যে বাংলাদেশকে ব্র্যান্ডিং করার এই ধারা রিভ সিস্টেমস বরাবরের মতোই অব্যাহত রাখবে বলেও জানান তিনি।