ভাইরাস স্ক্যান থামিয়ে দিল অস্ত্রপচার!
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হসপিটালে হৃৎপিণ্ডের অস্ত্রপচার চলাকালীন অ্যান্টিভাইরাস স্ক্যান প্রোগ্রাম চালু হয়ে পড়ার কারণে রোগীর জীবন হুমকির মুখে পড়ে। ‘অনিবার্য কারণে’ হসপিটালটির নাম গোপন রাখা হয়েছে।
রয়টার্স জানায়, অস্ত্রপচার চলাকালেই এ সফটওয়্যারে অ্যান্টিভাইরাস স্ক্যান চালু হয়ে পড়ে। ফলে গুরুত্বপূর্ণ তথ্যে প্রবেশাধিকার না পেয়ে কম্পিউটার ক্র্যাশ করে। অস্ত্রপচারের দায়িত্বে থাকা চিকিৎসকেরা আরও জটিলতা এড়াতে দ্রুত কম্পিউটারটি পুনরায় চালু করেন।
এ বছরের ফেব্রুয়ারিতে এ ঘটনা ঘটলেও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) থেকে এ সংক্রান্ত দলিল প্রকাশের পর তা সফটপিডিয়া ওয়েবসাইটের প্রতিবেদনে উঠে আসে। এক তদন্তে জানা যায়, অস্ত্রপচারকাজে ব্যবহৃত যন্ত্রপাতি পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে থেমে ছিল।
অস্ত্রপচার চলাকালীন রোগী অজ্ঞান অবস্থায় থাকায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে এফডিএ এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তদন্ত চালিয়ে যাবে।
হৃৎপিণ্ডের অস্ত্রপচারে ব্যবহৃত জটিল এ ডিভাইসটির নাম মার্জ হেমো। ডাক্তার ধমনী ও শিরায় টিউব প্রবেশ করানোর সময় অস্ত্রপচার প্রক্রিয়া তত্বাবধানের দায়িত্বে থাকে এটি। এতে ব্যবহৃতস ফটওয়্যারে দুটি অংশ রয়েছে, যার একটি টিউবগুলোর সঙ্গে যুক্ত থেকে তাদের কার্যক্রম দেখাশোনা করে। আর অন্যটি ডাক্তারের কম্পিউটারে যুক্ত থেকে চলমান প্রক্রিয়াটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে।
এফডিএ-এর ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়, “এ ধরনের ঘটনা ঘটার কারণ অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে ব্যবহারকারীদের যথাযথ নির্দেশনা অনুসরণ না করা।"
রয়টার্স জানায়, এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটিতে এক ঘন্টা পরপর ভাইরাস স্ক্যান করার নির্দেশনা দেওয়া ছিল। অথচ উল্টোটাই বলা আছে প্রচলিত নিয়মে।
এফডিএ-এর বিবৃতিতে আরও বলা হয়, "এসব নির্দেশনার উদ্দেশ্যই হল অ্যান্টিভাইরাস সফটওয়্যারকে এমনভাবে গোছানো, যাতে তা সেবা প্রদানকাজে ব্যাঘাত সৃষ্টি না করে।"
মার্কিন চিকিৎসাক্ষেত্রে সাম্প্রতিক এ শনির দশা যেন কাটছেই না। এর আগে মার্চে হ্যাকারেরা র্যানসমওয়্যারের সাহায্যে ক্যালিফোর্নিয়ার একটি হসপিটালের কম্পিউটার সিস্টেম হ্যাক করেএবং ৩৬ লাখ ডলার মুক্তিপণ দাবি করে। এরপর এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ডিসিতে মেডস্টার একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে সাইবার আক্রমণের কারণে প্রতিষ্ঠানটির গোটা কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে।
