রোগীর তথ্য ফাঁসে জরিমানা লাখ পাউন্ড
একটি গণ মেইলে সব প্রাপকের নাম ও ইমেইল ঠিকানা প্রকাশ্য থাকায় জরিমানা দিতে হল প্রেরক কর্তৃপক্ষকে।
একটি যৌন স্বাস্থ্যকেন্দ্রের পাঠানো ওই মেইলকে বিবেচনা করা হয়েছে সেবা গ্রহীতাদের 'তথ্য ফাঁস' হিসেবে। আর এজন্য যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) ফাউন্ডেশন ট্রাস্ট-কে ১ লাখ ৮০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
লন্ডনের ৫৬ ডিন স্ট্রিট ক্লিনিক তাদের পাঠানো মেইলে রোগীদের ইমেইল ঠিকানাগুলো ব্লাইন্ড-কপি হওয়ার কথা থাকলেও তার বদলে একটি গ্রুপ ইমেইলে তাদের বিস্তারিত তথ্য পাঠানো হয়েছে।
তথ্য কমিশনার ক্রিস্টোফার গ্রাহাম একে 'গুরুতর আইন লঙ্ঘন' বলে অভিহিত করেছেন। তিনি বিবিসিকে বলেছেন, “মানুষের যৌন স্বাস্থ্য ক্লিনিকে বিশেষজ্ঞের সেবা নিতে যাওয়ার ব্যাপারটি স্পষ্টতই সংবেদনশীল। ব্যক্তিগত গোপনীয়তার আইনানুসারে এ ধরনের তথ্য অবশ্যই যথেষ্ট যত্নের সঙ্গে ব্যবহার করা উচিত, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এটি পরিষ্কার যে, এই ঘটনায় অনেক মানুষ মর্মাহত হয়েছেন।”
৫৬ ডিন স্ট্রিট চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হসপিটাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট পরিচালিত একটি যৌন স্বাস্থ্য ক্লিনিক।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে ইমেইল সংক্রান্ত ওই ভুলের ঘটনাটি ঘটে। এর ফলে এইচআইভি ক্লিনিকে আসা এবং অনলাইন সেবা চেয়েছেন এমন ৭৮১ জন ব্যাক্তির নাম এবং ইমেইল অ্যাড্রেস অন্য রোগীরা দেখতে পারছিলেন।
ক্লিনিকটি জানিয়েছে যারা চিঠি পেয়েছেন তাদের মধ্যে সবাই এইচআইভি পজিটিভ নন।
তালিকায় ৭৩০ জনের ইমেইল অ্যাড্রেসের সঙ্গে তাদের পুরো নামও দেওয়া আছে।
লন্ডনের একটি ছোট এলাকায় এই ক্লিনিক সেবা প্রদান করে।
ইনফরমেশন কমিশনারস অফিস (আইসিও)-এ ঘটনাটি তদন্ত করেছে। তাদের মতে এমন ভুল ২০১০ সালেও ঘটেছে।
২০১০ সালে একটি ফার্মেসির কর্মকর্তা ১৭ জন রোগীকে এইচআইভি চিকিৎসার প্রশ্নাবলী ইমেইল করতে গিয়ে ‘টু’-এর জায়গায় একজনের এর বদলে ‘বিসিসি’ তে ইমেইল পাঠিয়ে ফেলেছিলেন।
গ্রাহাম বলেছেন, “আমাদের তদন্ত কমিটি দেখেছেন কোনো ট্রাস্টের গুরুতর আইন লঙ্ঘন হয় এমন ভুল এটিই প্রথম নয়।”
ট্রাস্টের চিকিৎসা পরিচালক জো পেন বলেছেন, “আমরা এই গুরুতর আইন লঙ্ঘনের জন্য আইসিও-এর দাবি মেনে নিয়েছি এবং এমন ঘটনা যেন আর কখনও না ঘটে তা নিশ্চিত করতে কাজ করছি। এই ঘটনার জন্য যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমরা ক্ষতিগ্রস্থদের সঙ্গে যোগাযোগ রাখব যেন তাদের আমাদের কাজ সম্পর্কে জানাতে পারি এবং তা চালিয়ে যাব যেন ভবিষ্যতে এমন ঘটনার সম্মুখীন অন্যদের না হতে হয় এমন প্রতিকার গ্রহণ করতে পারি।”
