পানামা পেপার্স: কীভাবে দেখবেন তালিকা?
সোমবার প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত পানামা পেপার্সে থাকা 'করস্বর্গ' পানামায় সম্পদের পাহার গড়া ব্যাক্তিদের নাম। এ তালিকায় পাওয়া গেছে বাংলাদেশের অন্তত ১৮ জনসহ সারা বিশ্বের বাঘা বাঘা অনেক লোকের নামও। রাজনীতিবিদ, বিনোদন দুনিয়ার তারকা, খেলোয়াড়, চোরাকারবারী থেকে শুরু করে অনেকের নামই এসেছে পানামাভিত্তিক ল'ফার্ম মোস্যাক ফনসেকা-এর হাত ফসকে যাওয়া ওই তালিকায়।
মোস্যাক ফনসেকা পানামাভিত্তিক ল’ ফার্ম ও কর্পোরেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। বার্ষিক ফি’র ভিত্তিতে এরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ‘সম্পদ ব্যবস্থাপনা’ এবং এ বিষয়ে আইনি সহায়তা দিয়ে থাকে।
দি ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) সোমবার বিশ্বের ২১টি অঞ্চলের তিন লাখের বেশি অফশোর কোম্পানির তথ্যের একটি ডেটাবেইস প্রকাশ করেছে।
যাদের নাম এসেছে, তারা আইন ভেঙে সম্পদ গড়েছেন- এমনটা বলছে না আইসিআইজে। তবে অর্থ পাচার করতে কিংবা কর ফাঁকি দিতে আইনের ফাঁক-ফোঁকর খুঁজেছেন অনেকেই। বলা হচ্ছে, অফশোরে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মধ্য দিয়ে মোস্যাক ফনসেকা গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর ফাঁকিতে সহায়তা করেছে। অফশোর কোম্পানি খোলা বা এর মাধ্যমে ব্যবসা পুরোপুরি বৈধ হলেও মাদক ও অস্ত্র চোরাচালানি এবং মুদ্রা পাচারের মতো অবৈধ কর্মকাণ্ডের অর্থও ফনসেকার মাধ্যমে নিরাপত্তা পেয়েছে। এ কোম্পানি অনেক স্বৈরশাসক, রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী ও প্রভাবশালীদের সম্পদের মালিকানার তথ্য গোপন রেখে কর ফাঁকি দিতে সহায়তা করেছে। বেশিভাগ ক্ষেত্রে কাজটি হয়েছে ‘শেল কোম্পানি’র মাধ্যমে।
আইসিআইজে বলছে, জনস্বার্থে এই তালিকা প্রকাশ করেছে তারা, আর তাই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ডেটাবেইসটি। কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে এই ডেটাইবেইস পাওয়া যাবে? কীভাবে জানা যাবে বড় বড় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা এসব নাম?
এজন্য যেতে হবে আইসিআইজে-এর অফশোর লিকস ডেটাবেইস-এর ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের লিঙ্ক- https://offshoreleaks.icij.org/ । এই ওয়েবসাইটে যাওয়ার পর সেখানে একটি সার্চ অপশন পাওয়া যাবে। যার এক পাশে থাকবে দেশ বেছে নেওয়ার তালিকা আরেক পাশে রয়েছে কোনো নাম সার্চ দেওয়ার অপশন। নির্দিষ্ট দেশ ঠিক করে বাম পাশের সার্চ অপশনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে লিখে সার্চ দিলে, যদি ওই নাম তালিকায় থাকে তবে তা চলে আসবে।
কেউ যদি কোনো নির্দিষ্ট নাম সার্চ না করে, নির্দিষ্ট কোনো দেশের কার কার নাম রয়েছে তা জানতে চান, তবে শুধু ডান পাশে দেশ ঠিক করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই হবে।
কোনো দেশের নাম ঠিক করে সে সেদেশের তালিকা দেখার জন্য সার্চ অপশনে ক্লিক করার পর, 'অফশোর এনটিটিস', 'অফিসার্স', 'ইন্টারমিডিয়ারিস' আর 'অ্যাড্রেসেস'- এই চার শ্রেণিতে তালিকা পাওয়া যাবে।
এর আগে ২০১৩ সালের এপ্রিলে আইসিআইজে অফশোর ব্যবসায় যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৫ লাখ নথি প্রকাশ করেছিল ‘অফশোর লিকস’ নামে।
পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার বিপুল সংখ্যক নথি ফাঁসের পর বিশ্বজুড়ে তা নিয়ে তুমুল আলোচনা চলছে। এতে অনেক রাষ্ট্রনেতারও অফশোর কোম্পানির মাধ্যমে অর্থ পাচারের চিত্র প্রকাশ পায়।
যে কোম্পানিগুলোর নাম এসেছে, সেগুলোর মধ্যে ২ লাখ প্রতিষ্ঠান ১৯৭৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত কোনো না কোনো সময় মোস্যাক ফনসেকার গ্রাহক ছিলেন।
বাকি ১ লাখের বেশি কোম্পানি ফনসেকার মতোই সেবাদাতা অন্য দুটি প্রতিষ্ঠানের গ্রাহক।
