বাইদু-তে বিজ্ঞাপন কমানোর আদেশ
সম্প্রতি চীনা ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাইদু-কে এর সার্চ রেজাল্টে ‘পেইড ফর’ বিজ্ঞাপনের সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রকরা। পেইড ফর বিজ্ঞাপন বলতে, অর্থের বিনিময়ে প্রচার করা বিজ্ঞাপনগুলোকে বোঝায়।
চীনে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট আলোচনার মধ্যে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ওয়েই জেক্সি নামের ২১ বছর বয়সী ঐ ছাত্র চলতি বছরের ১২ এপ্রিল মারা যান। তিনি বিরল এক ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। চীনা ইন্টারনেট সার্চ ইঞ্জিন বাইদুতে খোঁজ করে ওয়েই জানতে পারেন, বেইজিংয়ের আধা-সামরিক পুলিশের হাসপাতালটিতে ওই রোগের চিকিৎসা দেওয়া হয়। তখন তিনি সেখানে চিকিৎসা নিতে যান।
বাইদুতে চিকিৎসার জন্য সেরা জায়গা খুঁজছিলেন ওয়েই। সামরিক পুলিশের দ্বিতীয় হাসপাতালের একটি বিভাগ এ বিষয়ে পরীক্ষামূলক চিকিৎসা দেওয়ার কথা জেনেছিলেন তিনি। কিন্তু চিকিৎসা শুরু হলেও তা ব্যর্থ হয়।
মৃত্যুর আগে ওয়েই বাইদুকে মিথ্যা চিকিৎসা তথ্য দেওয়ার জন্য এবং হাসপাতালটিকে এ ধরনের চিকিৎসায় উচ্চ সাফল্যের দাবি করে বিজ্ঞাপন দিয়ে বিভ্রান্ত করার জন্য অভিযুক্ত করেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় রেডিও।
এখন থেকে এর সার্চ রেজাল্ট ব্যবস্থা পরিবর্তন হবে যেন সেগুলো ‘প্রথম থেকেই বিশ্বাসযোগ্য’ হয় বলে জানিয়েছে এই চীনা সার্চ ইঞ্জিন জায়ান্ট।
বাইদু চীনের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। সার্চ বাজারে এর দখল ৭০ শতাংশ এবং ৬৬ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে এর মোবাইল সার্চ ইঞ্জিনটি ব্যবহার করেন।
এ খবর প্রকাশের আগের সোমবার সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানিয়েছে ওয়েই জেক্সি'র চিকিৎসা গ্রহণের পছন্দের ক্ষেত্রে বাইদুর সার্চ রেজাল্টের ‘একটি প্রভাব’ ছিল। বাইদু সার্চ রেজাল্টের ক্ষেত্রে তার পরিশোধিত বিজ্ঞাপনগুলোর উপর ‘খুব বেশি গুরুত্ব’ দেয়। কিন্তু বিজ্ঞাপনগুলো পরিষ্কারভাবে চিহ্নিত করা হয় না।
চীনের নিয়ন্ত্রকরা বাইদু-তে কিছু পরিবর্তন আনার দাবি জানিয়েছে। সেগুলো হল-
• সার্চ রেজাল্টে স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিজ্ঞাপন মুছে ফেলা।
• সরকার থেকে অনুমোদন পায়নি এমন প্রতিষ্ঠানের প্রচারণা থেকে বিরত থাকা।
• সার্চ রেজাল্ট প্রদর্শনের পুরো প্রক্রিয়া ঢেলে সাজানো, যাতে বিজ্ঞাপনদাতারা কত অর্থ পরিশোধ করছেন তার উপর গুরুত্ব না দিয়ে, প্রাথমিকভাবে বিজ্ঞাপনগুলোর বিশ্বাসযোগ্যতার উপর গুরুত্ব দেওয়া হয়।
• সার্চ রেজাল্টের প্রত্যেক পাতায় পরিশোধিত বিজ্ঞাপনের মধ্যে ৩০ শতাংশের বেশি বিজ্ঞাপন যেন না থাকে তা নিশ্চিত করতে হবে।
এর জবাবে বাইদু জানিয়েছে, এটি 'তদন্তকারীদের পরিবর্তনের সব দাবি বাস্তবায়ন এবং ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীরভাবে চিন্তা করবে'। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তারা 'এর চিকিৎসাবিষয়ক প্রচারণা নিয়ে তদন্ত করবে এবং সার্চ রেজাল্টের ক্রম ব্যবস্থার পরিবর্তন আনবে, যেন বিশ্বাসযোগ্যতানুসারে সেগুলো সারির প্রথমে থাকে, এবং প্রত্যেক পাতায় বিজ্ঞাপনের সংখ্যা নিয়ন্ত্রণ করবে'।
বিশ্লেষকদের মতে, সোমবার নিউ ইয়র্কের প্রত্যেক শেয়ার বাজারে বাইদুর শেয়ার পাঁচ শতাংশ ক্ষতির মুখোমুখি হয়েছে। প্রতিষ্ঠানটির সার্চের রাজস্বের ২০ থেকে ৩০ শতাংশই আসে স্বাস্থ্যসেবা থেকে।
