স্বচালিত গাড়ির বর্তমান ও ভবিষ্যৎ
সেলফড্রাইভিং বা স্বচালিত গাড়ি এখন মোটেও ভবিষ্যতের কল্পনা নয়। নিজেই নিজেকে চালাতে পারবে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে মার্সেডিজ, বিএমডাব্লিউ কিংবা টেসলার মতো অটোমোবাইল প্রতিষ্ঠান। পিছিয়ে নেই ওয়েব জায়ান্ট গুগলও।
বিজনেস ইনসাইডার-এর এক প্রতিবেদনে উঠে এসেছে স্বচালিত গাড়ির ভবিষ্যৎ পরিণতি এবং বিশ্ববাজারে এর অর্থনৈতিক প্রভাবের গল্প। তাদের গবেষণালব্ধ ফলাফল এইরকম-
১। স্বচালিত গাড়ি কোনো ভবিষ্যতের প্রযুক্তি নয়। রাস্তায় ইতোমধ্যেই স্বচালিত প্রযুক্তির গাড়ি চলছে। স্বচালিত গাড়ি বোঝানো হয় এমন প্রযুক্তি, যা সামনে ছোটা, থামা কিংবা মোড় নেয়ার ব্যাপারটি কোনো চালকের সাহায্য ছাড়াই নিয়ন্ত্রণ করতে পারে।
২। স্বচালিত গাড়িকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটি হল আধা-স্বয়ংক্রিয় অন্যটি সম্পূর্ণ-স্বয়ংক্রিয়। সম্পূর্ণ-স্বয়ংক্রিয় গাড়িটি ব্যস্ত রাস্তায় যে কোনো অবস্থান আরেকটি অবস্থানে যেতে পারবে চালকের কোনোপ্রকার সাহায্য ছাড়াই। এই প্রযুক্তি আসবে ২০১৯ সাল নাগাদ।
৩। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে কমপক্ষে ১ কোটি গাড়ি থাকবে যাতে উল্লেখিত দুই প্রযুক্তির নূন্যতম একটি থাকবে।
৪। পুরো স্বয়ংক্রিয় গাড়িগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হল ব্যবহারকারী দ্বারা নিয়ন্ত্রিত গাড়ি এবং মানুষের যেকোনো প্রভাবের বাইরে থেকে চলা গাড়ি। প্রথম প্রযুক্তিটি আগামী পাঁচ বছরের মধ্যে আশার সম্ভাবনা থাকলেও পরেরটি আসতে বেশ দেরি আছে বলে জানায় সাইটটি।
৫। স্বচালিত গাড়ি রাস্তায় বেশ নিরাপদ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কেপিএমজি-এর মতে, ২০১৪ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ২ হাজার ৫শ' অকালমৃত্যু রোধ করা যাবে স্বচালিত গাড়ির কারণে।
৬। খরচ কম হওয়া এবং নির্দিষ্ট ব্যবস্থাপনা তৈরি না হওয়ায় সর্বসাধারণ ব্যবহারকারীদের কাছে এখনি আসছে না স্বচালিত গাড়ি।
