২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ পাচারে কারাগারে বিটকয়েন কারবারি

অপরাধীদের জন্য অর্থ পাচারের অভিযোগে একটি ডিজিটাল মুদ্রা লেনদেন সেবার প্রতিষ্ঠাতাকে ২০ বছরের কারাদণ্ড এবং ৫ লাখ ডলার অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 11:07 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

স্কাইনিউজ জানায়, ৪২ বছর বয়স্ক আর্থার বুডোভস্কি ২০০৫ সালে কোস্টারিকাভিত্তিক প্রতিষ্ঠান লিবার্টি রিজার্ভ প্রতিষ্ঠা করেন। এতে ব্যবহারকারীরা নাম, ইমেইল অ্যড্রেস ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে অর্থ লেনদেন করতে পারেন। এতে জমাকৃত অর্থকে সমমূল্যের লিবার্টি রিজার্ভ ডলার, লিবার্টি রিজার্ভ ইউরো অথবা স্বর্ণে পরিণত করা হতো। তবে এতে ব্যবহারীদের পরিচয় যথাযথভাবে যাচাই করা হতো না - এমন অভিযোগ রয়েছে।

সরকারপক্ষের আইনজীবীরা দাবি করেন, এই প্রতিষ্ঠানটি পঞ্জি স্কিম অপারেটর, ক্রেডিট কার্ড পাচারকারী, পরিচয় জালিয়াতকারী এবং হ্যাকারদের জন্য অর্থ সরবরাহের স্বর্গক্ষেত্র ছিলো।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ জানায়, ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়ার সময় এতে ৫৫ লাখেরও বেশি ইউজার অ্যাকাউন্ট ছিলো, যার মধ্যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেরই ছিলো ৬ লাখের বেশি। কার্যক্রম শুরুর আট বছরের মধ্যেই এটি ৭.৮ কোটি সংখ্যক অর্থ লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করে, যার সম্মিলিত মূল্য আট শতকোটি ডলারেরও বেশি।

বিচার এড়াতে নিজের মার্কিন নাগরিকত্ব বিসর্জন দিয়ে কোস্টারিকার নাগরিকত্ব নেওয়ার পর ২০১৩ সালের মে তে বুডোভস্কিকে স্পেন থেকে আটক করা হয়। তিনি নিউ ইয়র্কে তার বিচার শুরুর তিনদিন আগে, ২৯ জানুয়ারি লিবার্টি রিজার্ভের যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যকাউন্ট থেকে অপরাধীদের জন্য ২৫ থেকে ৫৫ কোটি ডলার অর্থ পাচারের অপরাধ স্বীকার করেন। তবে এতে তার পক্ষ থেকে "অকৃত্রিম কোনো অনুশোচনা" প্রকাশ পায়নি বলে মন্তব্য করেন ডিস্ট্রিক্ট জাজ ডেনিস এল কোট।

একই অপরাধে অভিযুক্ত আরও ছয়জনের মধ্যে ম্যাক্সিম শুখারেভ এবং মার্ক মারমিলেভ অপরাধ স্বীকার করে নিয়েছেন, এবং তাদের যথাক্রমে তিন ও পাঁচ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ মাসেই এ অপরাধে জড়িত আরও দুজনকে বিচারের সম্মুখীন করা হবে। এছাড়া আরও দুজন এখনও পলাতক রয়েছেন।