২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিনামূল্যে উইন্ডোজ ১০ আপডেট বন্ধ হচ্ছে

উইন্ডোজের পূর্ববর্তী সংস্করণগুলো থেকে উইন্ডোজ ১০-এ বিনামূল্যে আপগ্রেডের সুযোগ বন্ধ করে দিতে যাচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 08:38 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

প্রতিষ্ঠানটি জানায়, বিনামূল্যে আপগ্রেডের এ সুযোগ ২৯ জুলাই বন্ধ করে দেওয়া হবে। এরপর থেকে বেসিক উইন্ডোজ ১০ হোম প্যাকেজে আপগ্রেডের জন্য ৯৯ ইউরো এবং উইন্ডোজ ১০ প্রো-এর জন্য ১৩০ ইউরো পরিশোধ করতে হবে ব্যবহারকারীদের।

উইন্ডোজের সাম্প্রতিক এ ঘোষণার কারণে যেসব ব্যবহারকারী এখনও বিনামূল্যে উইন্ডোজ ১০-এ আপডেট করেননি, তাদের অনেকেই খুব শীঘ্রই আপডেট করে ফেলবেন বলে ধারণা করছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।

উইন্ডোজ ব্যবহারকারীদের মধ্যে বিনামূল্যে আপগ্রেডের এ সুযোগ চালুর পর থেকেই প্রচণ্ড সাড়া ফেলে বলেও জানিয়েছে ট্যাবলয়েডটি। মাইক্রোসফটের হিসেব মতে, বর্তমানে ৩০ কোটিরও বেশি ডিভাইসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালু আছে।

এতে নতুন অনেক ফিচারের মধ্যে রয়েছে অ্যাপলের সিরি-এর মতোই একটি এআই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 'কর্টানা', মাইক্রোসফটের নতুন এজ ব্রাউজার এবং ইন্টিগ্রেটেড এক্সবক্স গেইমিং।

মাইক্রোসফটের সিইও সাত্যিয়া নাদেলা বলেন, "উইন্ডোজ ১০ এমন একটি বিশ্বের জন্য তৈরি, যেখানে সবকিছুতে ডিজিটালভাবে সামঞ্জস্য রয়েছে। এটি শুধু ফিচার দিয়ে বোঝাই না, এতে ডিজাইনের সংবেদনশীলতার বিষয়টিও রয়েছে। আমরা চাই ব্যবহারকারকারীরা প্রতিদিনই উইন্ডোজ ১০-এর প্রেমে পড়ুক।"

উইন্ডোজ ১০-এর সিস্টেম যথেষ্ট শক্তিশালী ও কার্যকরী হলেও মাইক্রোসফটের ঘন ঘন আপডেট রিমাইন্ডারের কারণে অনেক ব্যবহারকারীই বিরক্তি প্রকাশ করছেন।

অবশ্য এর আগে এক ব্লগ পোস্টে মাইক্রোসফট স্বয়ংক্রিয় আপডেটের সম্ভাবনা নিয়ে ব্যবহারকারীদের অবহিত করে। এতে ‘উইন্ডোজ অ্যান্ড ডিভাইস গ্রুপে’র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট টেরি মায়ারসন বলেন, "উইন্ডোজ আপডেট সেটিংসের উপর ভিত্তি করে আপগ্রেড প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে শুরু হয়ে যেতে পারে। তবে, কেউ যদি আমাদের পরামর্শ অনুযায়ী আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এবং পরবর্তীতে যদি তা ভাল না লাগে, তবে তিনি ৩১ দিনের মধ্যে উইন্ডোজের পূর্ববতী সংস্করণে ফিরে যেতে পারবেন।"