গুগলের আপডেট, ব্যবসায় ‘লালবাতি’
গুগলের এক আপডেটে ব্যবসা খতম 'মেটাফিল্টার’ প্রতিষ্ঠাতার। ৯০ দশকের শেষের দিকে যাত্রা শুরু করা সামাজিক ব্লগ 'মেটাফিল্টারের’ প্রতিষ্ঠাতা ম্যাট হগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিনের ক্ষমতা উপলব্ধি করলেন সবচেয়ে কঠিনতম উপায়ে।
ব্যবসা-বাণিজ্যবিষয়ক সাইট বিজনেস ইনসাইডার-এর এক প্রতিবেদনে তুলে ধরা হয় তার সাম্প্রতিক এক সাক্ষাৎকার।
ঘটনার শুরু ২০১১ সালে যখন মেটাফিল্টারের আয়ের ৯৫ শতাংশই আসত গুগল অ্যাডসেন্সের মাধ্যমে সাইটে বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে। সাইটের প্রশ্নোত্তর বিভাগে প্রচুর জনসমাগম হত, যার ফলে সাইট থেকে বেশ মোটা অংকের অর্থই আয় হত।
২০১২ সালে জনপ্রিয় এই বিভাগটি হঠাৎই চুপসে যায়। টাকার অংক অর্ধেকে নেমে আসে রাতারাতি। মূলত গুগলের সাইট র্যাংকিংয়ের একটি নতুন আপডেট 'মেটাফিল্টার'কে অতলে ডুবিয়ে দেয়। আপডেটের বিষয়বস্তু ছিল কম দরকারি বিষয়গুলোকে গুগল সার্চের ফলাফলে দূরে রাখা। পরবর্তীতে ম্যাট হগ গুগলের 'ওয়েব-স্প্যাম’ দলের প্রধান ম্যাট কাটস-এর সঙ্গে দেখা করলে তিনি হগকে দুয়েক মাসের মধ্যে মেটাফিল্টারকে 'রি-ইনডেক্স’ করার আশ্বাস দেন। কিন্তু দেড় বছর অপেক্ষা করার পরেও মেলেনি কোনো উপকারী পদক্ষেপ।
অর্থের অভাবে 'বিল’ দেওয়ার ক্ষমতাটুকুও হারিয়ে গেলে, হগ আবার যোগাযোগ করেন গুগলের সঙ্গে। আশ্বাস দেওয়া হয় এবারও। শেষ দিকে ম্যাট হগ তার সাইটের বিভিন্ন অংশগুলো পর্যন্ত বিকিয়ে দিয়েছেন।
হগ জানান, তার দুর্দশার কারণ একটি মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করা এবং কোনো পয়সা না জমিয়ে সব খরচ করে ফেলা। নতুন স্টার্টআপের প্রতি তার উপদেশ হল-- আয়ের উৎস বহুমুখী করা এবং সময় থাকতে অর্থ সঞ্চয় করে রাখা।
