ফেইসবুকের ফটো ট্যাগ মামলায় রুল
সামজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের ফটো ট্যাগিং মামলা নিয়ে রুল জারী করেছে স্যান ফ্রান্সিসকো ফেডারেল বিচারক। ছবি শেয়ারিং-এর ক্ষেত্রে ফেইসবুকের ফটো ট্যাগ পদ্ধতি গ্রাহকের গোপনীয়তা লঙ্ঘন করে এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।
প্রযুক্তিবিষয়ক খবরের সাইট ভার্জ জানিয়েছে, ওই মামলা অনুযায়ী ফেইসবুকের সফটওয়্যারটি বায়োমেট্রিক গোপনীয়তা তথ্য আইন লঙ্ঘন করে। এই সফটওয়্যারটি গ্রাহকের স্পষ্ট সম্মতি ছাড়াই তার মুখের ফেইসস্প্রিন্ট ধারণ করে, যেটি গ্রাহকের গোপনীয়তা আইন লঙ্ঘন করে।
ফেইসবুকের ধারণকৃত এই ডিজিটাল ফেইসপ্রিন্টই ফটো ট্যাগের সময় ব্যবহারকারীকে শনাক্ত করে সেই মোতাবেক ট্যাগ করার পরামর্শ দেয়। এই ফটো ট্যাগিং সিস্টেম প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতি প্রকাশ করে থাকে। গ্রাহক চাইলে এই অপশন বন্ধ করতে পারে, তবে সেটি ব্যবহারকারীর সম্মতি আইনে পড়ে কিনা সেটি স্পষ্ট নয়।
এ মামলা নিয়েই এবার রুল জারী করে স্যান ফ্রান্সিসকো ফেডারেল বিচারক। রুলে বলা হয়, "আদালত মামলাটি নিয়েছে কারণ, মুখ শনাক্তকরণের জন্য ফেইসবুক গ্রাহকের মুখের যে জ্যামিতিক পরিমাপ নিয়ে থাকে, সেটি গ্রাহকের সম্মতি ছাড়া নেওয়া হয়।"
এর আগে মামলাটি নিয়ে ফেইসবুকের এক মুখপাত্র বলেন, "এই মামলার কোনো ভিত্তি নেই এবং আমরা কঠোরভাবে এটি প্রতিহত করব।"
ছয় বছর আগে চালু হওয়া ফেইসবুকের ফটো-ট্যাগিং সিস্টেম এবারই প্রথম সমালোচনার মুখে পড়ল- এমন নয়। ইউরোপে ইতোমদ্ধেই এই সেবা বন্ধ করে দিয়েছে ফেইসবুক। এমনটি ডেটাবেইস থেকে ইউরোপ গ্রাহকদের মুখের জ্যামিতিক তথ্য মুছেও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
