কদলী ভক্ষণদৃশ্য 'কামোত্তেজক'
সম্প্রতি নতুন এক নিষেধাজ্ঞা জারি করেছে চীনা সেন্সর কর্তৃপক্ষ। কমবয়সী মেয়েদের কলা খাওয়ার দৃশ্যকে ‘যৌন উত্তেজক’ দাবী করে এর ভিডিওর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দেশটিতে।
দেশটি জানিয়েছে, কলা খাওয়ার এই দৃশ্য দর্শকের জন্য নেওয়া বেশ কঠিন, তাই মেয়েদেরকে এখন থেকে খাওয়ার সময় তাদের কলা ঢেকে রাখার আদেশ দেওয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, বেইজিং চায় ‘কুরুচিপূর্ণ, উগ্র এবং অত্যন্ত যৌন উত্তেজক’ বিষয়গুলো ‘শক্ত হাতে দমন’ করতে, বিশেষ করে চলচ্চিত্র, যেখানে মেয়েদেরকে ‘যৌন উত্তেজক ভঙ্গিতে কলা খেতে’ দেখা যায়।
দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় বর্তমানে দেশটির শীর্ষ লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ‘বেমানান এবং যৌন উত্তেজক বিষয়গুলো শক্ত হাতে দমন করতে’ তদন্ত করছে। চীনা লাইভস্ট্রিম প্ল্যাটফর্মগুলো ওয়েবক্যামের মাধ্যমে মেয়েদের গান গাওয়া বা কলা খাওয়ার দৃশ্য প্রচার করার জন্য পরিচিত, এবং তাদের অসংখ্য কমবয়সী পুরুষভক্ত সেগুলো উপভোগ করে থাকেন বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর।
দেশটির মেয়েদেরকে এখন থেকে আঁটোসাঁটো বা স্বল্প দৈর্ঘের পোশাক পরে নিজেদেরকে সম্প্রচার করা থেকেও বিরত থাকতে হবে, কারণ এগুলোও এখন লাইভস্ট্রিমিং সাইটগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে স্টকিং, বা মেয়েদের বিশেষ পাজামা, যা তাদের উরু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শরীরের সঙ্গে একদম সেঁটে থাকে; আর সাসপেন্ডার্স বা বিশেষ এক জোড়া বেল্ট, যা দুই কাঁধ থেকে টেনে পাজামার সঙ্গে লাগানো থাকে।
বিবিসি জানিয়েছে, কয়েকজন দর্শক ইতোমধ্যেই কলা খাওয়াসংক্রান্ত নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেছেন।
একজন চীনা দাবী করেছেন, নিষেধাজ্ঞা এড়ানোর জন্য কলার বদলে তারা কলার মতো দেখতে অন্য ফল বা সবজি ব্যবহার করা শুরু করবেন। তার ধারণা অনুযায়ী, তারা সবাই 'অবিলম্বে' কলার বদলে শশা খাওয়া শুরু করবেন, যা অবশ্য কলার মতো সুস্বাদু নাও লাগতে পারে।
