২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্যারানয়া’ চিকিৎসায় ভিআর

এবার ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহৃত হচ্ছে প্যারানয়ার চিকিৎসায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 09:24 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

৩০ জন রোগীর ওপর অক্সফোর্ড ইউনিভার্সিটি-এর পরিচালিত এ গবেষণায় রোগীদের সামাজিক পরিস্থিতিতে অর্থহীন ভয় দূর করার প্রচেষ্টা চালানো হয়। এতে পার্সিকিউটোরি ডিলিউশন-এ ভুগতে থাকা রোগীদের ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে তৈরি একটি  আন্ডারগ্রাউন্ড ট্রেইন এবং একটি লিফটে উঠতে উৎসাহিত করা হয়।

স্কিৎজোফ্রেনিয়ার রোগীদের মধ্যে পার্সিকিউটোরি ডিলিউশন সবচেয়ে সাধারণ বলে বিবেচনা করা হয়। এর কারণে রোগী ক্ষতির ভয়ে থাকেন। সাধারণত রোগী মনে করেন, কেউ তার ক্ষতি করছে বা করার চেষ্টা করছে। তাকে অনুসরণ করা হচ্ছে, তার সঙ্গে চালাকি করা হচ্ছে বা ভুল বোঝানো হচ্ছে।

এই রোগের গবেষণায় রোগীদের মধ্যে এক দলকে চোখাচোখি থেকে বিরত থাকার মতো সাধারণ সতর্কতা বজায় রাখতে বলা হয়। বাকিদের তাদের এ সতর্ক আচরণ কমিয়ে কম্পিউটারে তৈরি চরিত্রগুলোর পাশাপাশি দাঁড়াতে এবং তাদের দিকে তাকিয়ে থাকতে উৎসাহিত করা হয়।

এই অভিজ্ঞতার পর রোগীদের মধ্যে প্যারানয়েড ডিলিউশন অনেকটাই হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদের অর্ধেকেরও বেশি এই অভিজ্ঞতার শেষে মারাত্মক প্যারানয়া থেকে সেরে ওঠেন। এ ছাড়াও যারা সতর্ক আচরণ বজায় রেখেছিলেন, তাদের মধ্যেও প্যারানয়ার মাত্রায় কিছুটা হ্রাস দেখা যায়।

এই গবেষণা পরিচালনার দায়িত্বে ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ড্যানিয়েল ফ্রিম্যান। তিনি জানান, "প্যারানয়ার মূলেই থাকে ভিত্তিহীন ভয়। ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে আমরা মানুষকে পুনরায় বুঝতে শেখাতে পারছি যে তারা আসলে নিরাপদ। আর যখনই তারা তা ববুঝতে পারে, তখনই প্যারানয়া দূর হয়ে যায়।"

এই গবেষণা অনেকটা ছোট আকারের ছিলো, এবং মাত্র একটি দেড় ঘন্টার ভার্চুয়াল রিয়ালিটি সেশনেই এটি শেষ হয়। তবে অধ্যাপক ফ্রিম্যান জানান, এর ফলাফল ছিলো "অসাধারণ রকমের ভালো।" তিনি আরও বলেন, "মানসিক স্বাস্থ্যের ভবিষ্যতের দিকে একে কিছুটা অগ্রগতি বলে আমি মনে করি। হেডসেটের সহজলভ্যতার সাথে সাথে ভার্চুয়াল রিয়ালিটির ক্ষেত্রে বড় ধরনের বিপ্লব আসতে যাচ্ছে।"

এ গবেষণায় অংশ নেওয়া ৪৫ বছর বয়স্ক প্যারানয়া রোগী টোবি ব্রাবহ্যাম বলেন, "আমি প্রায়ই পার্সিকিউটোরি ভয়েসের আক্রমণের শিকার হতাম। বাইরে যাওয়া এড়িয়ে চলতাম, আর যখন যেতাম, তখন চোখাচোখি এড়াতে মাথা নিচু রাখতাম। এটি খুবই একাকীত্বের ছিলো।"

তিনি আরও বলেন, "এখন যদি আমি একটি টিউব ট্রেইন বা লিফটে চড়ি, তবে আমি অবশ্যই ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতার কথা মনে রাখবো। আমার ধারণা তা আমার সব উদ্বেগের অনুভূতি দূর করবে।"

মেডিক্যাল রিসার্চ কাউন্সিল-এর নিউরোবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রধান ড. ক্যাথরিন অ্যাডকক বলেন, "মানসিক অসুস্থতা পরিমাপ ও চিকিৎসার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি অসাধারণ কার্যকারিতার প্রমাণ দিচ্ছে। এই গবেষণায় বড় ধরনের মানসিক সমস্যার ক্ষেত্রে এর ব্যবহার কতটা সম্ভাবনাময়, তা দেখা গেছে।"