করাচিতে স্কুল নিরাপত্তায় রেঞ্জার্স-এর অ্যাপ
পাকিস্তানের করাচিতে স্কুলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন স্মার্টফোন অ্যাপ উন্মোচন করেছে দেশটির নিরাপত্তা সংস্থা সিন্ধ রেঞ্জার্স। ৭ মে করাচি শহরের তিন হাজার স্কুলে এই নিরাপত্তা অ্যাপ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, জরুরী অবস্থায় 'রেঞ্জার্স স্কুল কলেজ প্রোটেকশন সিস্টেম' নামের অ্যাপটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়তা দিতে নিরাপত্তা সংস্থাটি এগিয়ে আসবে।
অ্যাপটি নিয়ে রেঞ্জার্স-এর এক কর্মকর্তা বলনে, "জরুরী অবস্থা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে এই সিস্টেমে বার্তা প্রদান করার উপদেশ দেওয়া হচ্ছে।" তিনি আরও জানান, এই বার্তাটি রেঞ্জার্স সদর দপ্তরে পৌঁছাবে। এ ছাড়াও এটি স্থানীয় প্রতিষ্ঠান কমান্ডার এবং উইং কমান্ডারের মোবাইলে বার্তা পাঠাবে।
এই বার্তাটি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়। এ ছাড়াও প্রয়োজনে এই ব্যবস্থাটি অন্যান্য সংশ্লিষ্ট ব্যাক্তিকেও বার্তা দিতে পারে। আপাতত তিন হাজার স্কুল এবং কলেজ নিবন্ধন করলেও অন্যান্য স্কুলগুলো এতে আবেদন করতে পারবে বলে জানানো হয়।
"ভবিষ্যতে হাসপাতাল, শপিং মল এবং মিডিয়া হাউজগুলোকে এই সেবার আওয়তায় আনা হবে।", বলেন রেঞ্জার্স কর্মকর্তা।
এ বছরের শুরুতেই বাছা খান ইউনিভার্সিটিতে হামলার পর নিরাপত্তার কারণে করাচিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। নিরাপত্তার জন্য গত মাসেই শহরটিতে হোয়াটসঅ্যাপ হেল্পিং সার্ভিস চালু করে দেশটির আধাসামরিক বাহিনী।
