ভ্রমণে সঙ্গ দেবে এয়ারবিএনবি
খালি বাসা সন্ধান, ভাড়া নেওয়া ইত্যাদির জন্য বাসার তালিকা সেবাদাতা মার্কিন সাইট এয়ারবিএনবি এবার অন্যান্য ব্যবসায় মোড় নেয়ার পথ খুঁজছে, এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা।
প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা নাথান ব্লেচারজিক বিবিসিকে জানান, অচেনা কারও সঙ্গে বাসায় বসবাস করতে মানুষের ইচ্ছা দেখে বোঝা যায়, ভ্রমণের সময় নিজেদের ব্যক্তিগত যোগাযোগ থাকার ক্ষেত্রেও তাদের চাহিদা থাকবে।
তিনি জানান, প্রতিষ্ঠানটি এখন ভ্রমণ, খেলাধূলা, আর অন্যান্য কার্যকলাপের জন্য নিমন্ত্রণকর্তা আর অতিথিদের সংযুক্ত করার ব্যবসায় নজর দিচ্ছে।
এয়ারবিএনবি বিশ্বের ১শ' ৯১টি দেশে প্রায় ৩৪ হাজার শহরে তাদের কাজ পরিচালনা করে থাকে আর বর্তমানে প্রতিষ্ঠানটির মূল্য প্রায় আড়াই হাজার কোটি ডলার।
ব্লেচারজিক জানান, প্রতিষ্ঠানটির অধীনস্থ ১০ লাখেরও বেশি নিমন্ত্রক আরও বেশি অতিথি আপ্যায়নের অভিজ্ঞতা পেতে আগ্রহী।
"হতে পারে তারা তাদের পছন্দের রাস্তায় বাইক চালাবেন বা ফ্রিসবি (গোল চাকতির মত খেলার বস্তু) খেলতে চাইবেন, ব্যাপারটা এমনই সাধারণ", বলেন তিনি।
ভারতের রাজধানী দিল্লিতে নাথান ব্লেচারজিক এই কথাগুলো বলেন। ২০১৫ সালে দেশটিতে ব্যবসায় বৃদ্ধির হার ১১৫ শতাংশ।
ভারতে প্রায় ১৮ হাজার জায়গার তালিকায় বানিয়েছে প্রতিষ্ঠানটি।
