মেইল হ্যাক: কোনো 'আশঙ্কা নেই'
চলতি মাসের শুরুতে জনপ্রিয় চার ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠানের কোটি গ্রাহকের লগইন আইডি এবং পাসওয়ার্ড হ্যাক করে তার বিস্তারিত অনলাইনে প্রকাশ করা হয়। এর সত্যতা যাচাইয়ে তদন্তে নেমেছিল প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি এই ঘটনায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছে চার প্রতিষ্ঠানের তিনটি।
মার্কিন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট-এর প্রতিবেদনে জানা যায়, ইয়াহু, গুগল এবং মেইল ডট আরইউ জানিয়েছে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অতিমাত্রায় কম। প্রতিষ্ঠানগুলো ২৭ কোটি ২৩ লাখ পাসওয়ার্ডের একটি নমুনা যাচাই করে দেখেছে সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট ইমেইল অ্যাকাউন্টগুলোর সঙ্গে সম্পর্কিত নয়।
এটি 'খুব ভালো' খবর হলেও প্রকাশিত এই পাসওয়ার্ডগুলোর আবিষ্কারক গবেষকদের মতে, পাসওয়ার্ডগুলোর সঙ্গে সম্পর্কিত ব্যবহারকারীদের অন্য অনলাইন অ্যাকাউন্টগুলো এখনও নিরাপদ নয়। কেননা হতে পারে ঐ পাসওয়ার্ডগুলো ব্যবহারকারীদের অন্যান্য অ্যাকাউন্টগুলোর সঙ্গে যুক্ত। যেসব অ্যাকাউন্টে লগইন করতে ব্যবহারকারীরা তাদের ইমেইল অ্যাড্রেস ব্যবহার করেছেন।
ইয়াহু এক বিবৃতিতে বলেছে, “আমাদের নিরাপত্তা দল তদন্ত চালাচ্ছে এবং সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত দাবির উপর ভিত্তি করে আমাদের ব্যবহারকারীদের উল্লেখযোগ্য কোন ঝুঁকির আশঙ্কা আছে বলে আমরা বিশ্বাস করি না।”
মেইল ডট আরইউ জানিয়েছে, মাত্র ০.০১৮ শতাংশ পাসওয়ার্ড সংশ্লিষ্ট ইমেইল অ্যাড্রেসগুলোর সঙ্গে মিলেছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র ম্যাডিনা তাইয়্যুপোভা এক ইমেইলের মাধ্যমে বলেন, “এই ডেটাবেইস অনেকটা কিছু পুরনো ফেলে দেওয়া ডেটার সংকলন, যা মানুষ নিবন্ধনের জন্য ইমেইল অ্যাড্রেস ব্যবহার করত এমন হ্যাকিং ওয়েবসাইটগুলো থেকে সংগ্রহ করা হয়েছে।”
খুবই 'অল্প পরিমাণ' অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য খুঁজে পেয়েছে ওয়েব জায়ান্ট গুগলও। প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি এক বিবৃতিতে লিখেছেন, “গবেষণায় ৯৮ শতাংশেরও বেশি গুগল অ্যাকাউন্টসংস্লিষ্ট তথ্য ভুল বলে প্রমাণিত হয়েছে।” তিনি আরও বলেন, “এমন পরিস্থিতে আমরা সবসময় ক্ষতিগ্রস্থ হতে পারেন এমন ব্যবহারকারীদের লগইন সুরক্ষা ব্যবস্থা বাড়িয়ে দেই।”
নিরাপত্তা প্রতিষ্ঠান হোল্ড সিকিউরিটি-এর প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা অ্যালেক্স হোল্ডেন-এর মতে, একটি হ্যাকিং ফোরামের রুশভাষী এক সদস্যে লগইন তথ্য আবিষ্কারের পর যেসব ইউজার নেইম এবং পাসওয়ার্ড তিনি পেয়েছেন সেগুলো নিয়ে সতর্কতার প্রয়োজন আছে। যদিও পাসওয়ার্ডগুলো তালিকাভুক্ত ব্যবহারকারীদের ইমেইল অ্যাড্রেসের সঙ্গে সংশ্লিষ্ট নয় তবুও তারা খুব সহজেই এই পাসওয়ার্ডগুলো দিয়ে টুইটার বা ফেইসবুক অথবা অন্য দশ হাজার অনলাইন সেবায় লগইন করতে পারে।
মাইক্রোসফট এবং হটমেইলও হ্যাকিংয়ে আক্রান্ত হয়েছে বলে দাবি করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
