২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তোশিবায় নতুন প্রধান

হিসাব কেলেঙ্কারীর ধাক্কাপরবর্তী বাস্তবতায় নতুন প্রধান নির্বাহী মনোনিত করেছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 05:57 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

তোশিবা জানিয়েছে, তারা সাতোশি  সুনাকাওয়া-কে মনোনিত করেছে। তিনি প্রতিষ্ঠানটির মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুত বিভাগের প্রধান হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটি এটাও জানায় যে, হিসাব কেলেংকারির ক্ষতি মুছতে এই পদক্ষেপ ‘বিশেষ ভূমিকা’ রাখবে বলে আশা করা যায়।

৬০ বছর বয়সী সাতোশি সুনাকাওয়া হিসাব জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন না এবং তোশিবার মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুত খাতকে অন্যতম মুনাফা অর্জনের বিভাগ বানানোর জন্য তার অবদান রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। 

সাতোশি সুনাকাওয়া বলেন, “আমার জন্য সবচেয়ে বড় কাজটি হবে স্টেকহোল্ডারদের বিশ্বাস পুনরায় ফিরিয়ে আনা।” তিনি আরও বলেন, “প্রধান কাজ হিসেবে আমি তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিতে চাই প্রতিষ্ঠানটির মূলধনের উপর।”

হিসাব রক্ষণাবেক্ষণের বিশেষ খাতায় ১শ' ৩০ কোটি ডলার-এর জানলিয়াতি ২০১৫ সালে তোশিবার ব্যবসায়ের গতিকে পিছনে ফেলে দেয়, পরিকল্পনা অনুযায়ী ১৪ হাজার কর্মী ছাঁটাই ঘোষণা করা হয় এবং এর সঙ্গে ৫শ' ৯০ কোটি ডলার এর বিনিময়ে জাপানী প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন-এর কাছে তোশিবার মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুতকরণের শাখাটি বিক্রি করে দেওয়া হয়।