জ্যাক ডরসির যত ঝামেলা
মাইক্রোব্লগিং সাইট টুইটার আর প্রযুক্তিবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান স্কয়ার-এই দুই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কাজ করছেন ৩৯ বছর বয়সী জ্যাক ডরসি। এই দুই প্রতিষ্ঠান সামলাতে গিয়ে তিনি বুঝতে পারছেন দুই পক্ষের বিনোয়গকারীর উন্মাদনা আর ক্রোধ সামলানো কতটা কঠিন হতে পারে।
শুধু তাই নয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার থেকে সর্বমোট সম্পত্তির ১৮ কোটি ডলার মূল্যের একটি বড় অংশ হারান জ্যাক ডরসি, জানিয়েছে মার্কিন সংবাদ সাইট বিজনেস ইনসাইডার।
বৃহস্পতিবার চলতি বছরের প্রথম প্রান্তিকে স্কয়ারের লোকসানের খবর প্রকাশ করা হয়। এর ফলে শেয়ার বাজারের এক ঘণ্টার লেনদেনে প্রতিষ্ঠানটির ১৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেন বিনিয়োগকারীরা।
অন্যদিকে, ডরসির আরেক প্রতিষ্ঠান টুইটারের লোকসানের পরিমাণ স্কয়ারের তুলনায় কিছুই নয়। এ খবর প্রকাশের আগের সপ্তাহে টুইটারের শেয়ার মূল্য পড়ে যায় আর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য তখনই স্থির হয়, যখন এই মূল্য ওই সপ্তাহে প্রতিষ্ঠানটির সর্বনিম্ন শেয়ার মূল্য ১৩.৯০ ডলারে পৌঁছায়।
টুইটারের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২শ' কোটি ডলার কমে যায়। যার ফলে বাজারে প্রতিষ্ঠানটির মূল্য এখন ১ হাজার কোটি ডলার এর কম।
শেয়ারের মূল্য কমে যাওয়ায়, ব্যক্তিগতভাবেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে জ্যাক ডরসিকে। টুইটারে ডরসির শেয়ারের পরিমাণ ৩ দশমিক ৪ শতাংশ এবং স্কয়ারে শেয়ারের পরিমাণ ২৩ শতাংশ।
